'এটা তো ভাই ভাই খেলা'

আজ বাদে কাল দশম জাতীয় সংসদ নির্বাচন। অথচ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ভোটার লাউজানি গ্রামের আরশাদ আলী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর একজনেরও নাম মনে করতে পারলেন না। তবে তিনি নৌকা ও কলস প্রতীক দুটির কথা বলতে পারলেন।
যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে নির্বাচন হচ্ছে। এক সপ্তাহ ধরে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে আরশাদ আলীর মতো এমন অনেক মানুষের দেখা মিলেছে। নির্বাচন নিয়ে এঁদের কোনো কৌতূহল নেই। বরং অব্যাহত সহিংসতা নিয়ে আতঙ্কিত মানুষজন।
ঝিকরগাছা পৌর এলাকার মাত্র এক কিলোমিটার দূরের লাউজানি গ্রামের ভোটার সত্তরোর্ধ্ব আরশাদ আলীর সঙ্গে যখন আলাপ হচ্ছিল, সাংবাদিক দেখে কৌতূহলী হয়ে এগিয়ে এলেন এক গৃহবধূ। স্বতঃপ্রণোদিত হয়ে তিনি বললেন, ‘ভোট দিয়ে কী হবে? এটা তো ভাই ভাই খেলা।’
‘ভাই ভাই খেলা’ মানে কী
—আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন। এক দলে কি নির্বাচন হয়?
আপনার নাম কী?
—আমাদের মতো মানুষের নাম দিয়ে কী হবে?
লাউজানি থেকে দুই কিলোমিটার এগিয়ে ঝিকরগাছা পৌর এলাকার কৃষ্ণনগরের একটি চায়ের দোকানে থামতেই দেখা হলো পৌরসভার
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষের সঙ্গে। আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতা তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নৌকার নন, কলস মার্কার নির্বাচন করছেন। তাঁর দাবি, প্রার্থী যখন দুজনই তাঁর দলের যেকোনো একজনের নির্বাচন করলেই হয়।
এ সময় চায়ের দোকানে উপস্থিত আওয়ামী লীগের আরেক নেতা রেজাউল হক তীব্র প্রতিক্রিয়া জানালেন। উত্তেজিত ভঙ্গিতে ‘নিমাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে কি না’ জানতে চাইলেন? রেজাউল হক মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কয়েক মিনিটের মধ্যে দুই অসম বয়সী আওয়ামী লীগের নেতার ঝগড়া থেমে গেল এবং দুজনই এককাট্টা হয়ে দাবি করলেন, একমাত্র যশোর-২ আসনে নির্বাচন কিছুটা জমবে। এ আসনে ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও তিনবারের সাংসদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক কলস।
কিন্তু এই নেতারা নির্বাচন জমে ওঠার যে দাবি করেছেন, সরেজমিনে তার আলামত পাওয়া গেল না। ঝিকরগাছার কাশীপুর বাজারে যাত্রাভিনেতা মহিতোষ পালের সঙ্গে কথা বলে বিষয়টি আরও স্পষ্ট হলো। মহিতোষ বললেন, ‘এমনিতে আমরা সংখ্যালঘু। তারপর একতরফা এই নির্বাচনে ভোট দিতে গিয়ে শত্রু বাড়াব কেন?’
অভয়নগর উপজেলার নলামারা গ্রামের কৃষক সুষেন বিশ্বাসের কণ্ঠেও এ রকম আতঙ্ক ধ্বনিত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংখ্যালঘু-অধ্যুষিত চার গ্রামে নির্বাচনের পর সমস্যা হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ চার গ্রামের মানুষ ভীষণ ভয়ের মধ্যে আছি।’
নির্বাচনের পরিবেশ নেই বলে ভোট দিতে যেতে আগ্রহ বোধ করছেন না বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত নিজে ভোট দিতে গেলেও পরিবারের লোকজনদের নিরুৎসাহিত করবেন। বললেন, ‘এই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে যাওয়া নিরাপদ বোধ করছি না।’
ভোটারদের এ আতঙ্ক যে যথেষ্ট যৌক্তিক তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ থেকেও বোঝা যায়। এখানকার চারটি নির্বাচনী আসনের ৬০ ভাগ ভোটকেন্দ্রই প্রশাসনের চোখে ‘গুরুত্বপূর্ণ’। মোট ৫০৪ ভোটকেন্দ্রের মধ্যে ৩০১টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যশোরের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ কেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন ছাড়াও থাকবে স্ট্রাইকিং ফোর্সের বিশেষ নজরদারি। নয়টি ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবেন।
যশোর-১ (শার্শা) ও যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ফলে এ দুই আসনে ভোট গ্রহণের ঝামেলা নেই।
বাকি যে চারটি আসনে নির্বাচন হচ্ছে, তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যশোর-৫ (মনিরামপুর) আসন। এ আসনের ১২২টি কেন্দ্রের ৮৫টিকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে বিবেচনা করা হচ্ছে। গত বছর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর থেকেই এ এলাকাটিতে ব্যাপক সহিংসতার সূত্রপাত হয়। এখানকার তিনটি ইউনিয়ন ভোজগাতি, কাশিমনগর ও ঢাকুরিয়ায় প্রার্থীরা ন্যূনতম গণসংযোগ পর্যন্ত করতে পারেননি। এ তিনটি এলাকার আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও হিন্দুদের অনেকেই এখনো গ্রামেই ফিরতে পারেননি। জামায়াত-বিএনপির তাণ্ডবের কারণে এ আসনের সর্বত্র দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এখানকার ভোজগাতি, ঢাকুরিয়া ও কাশিমনগর ইউনিয়নে প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।
অবশ্য আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ খান টিপু সুলতান ও তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য সব বাধা উপেক্ষা করে সব কটি কেন্দ্রেই এজেন্ট নিযুক্ত করতে পারবেন বলে দাবি করেন।
জেলার রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান একজন প্রার্থী কেন্দ্রগুলোতে এজেন্ট দিতে না পারার বিষয়টি জানান। যশোর-৪ আসনের (অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আওয়ামী লীগের প্রার্থী রণজিত রায় জানতে চেয়েছিলেন এক কেন্দ্রের ভোটারকে অন্য কেন্দ্রে এজেন্ট করা যাবে কি না এবং প্রশাসন ওই এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করবে কি না? তিনি বলেন, ‘আমি বলেছি তাঁর নির্বাচনী এলাকার যেকোনো ভোটারকে যেকোনো কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেওয়া যাবে এবং প্রশাসন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে।’
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনটিতে রণজিত রায় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে শেখ আবদুল ওহাব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক কলস। এ আসনের ১৩৩টি কেন্দ্রের মধ্যে ৯৪টিই ঝুঁকিপূর্ণ।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ১৭৪ কেন্দ্রের ৮৮টি ঝুঁকিপূর্ণ। যশোর-৬ (কেশবপুর) আসনের ৭৫ কেন্দ্রের মধ্যে ৪০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমত আরা সাদেকের একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রশান্ত বিশ্বাস। তবে এখানে প্রশান্ত বিশ্বাসের পক্ষে কোনো তৎপরতা চোখে পড়েনি।