‘এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক মুনীর মিশুকসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক শোভাযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চারুকলা ইনস্টিটিউট, প্রেসক্লাব, শহীদ মিনার চত্বর, নন্দনকানন চলচ্চিত্র কেন্দ্র কার্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়েছে। এসব সমাবেশে বক্তারা বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর বিষয়টি কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। সড়ক দুর্ঘটনা এখন মড়কে পরিণত হয়েছে। অবিলম্বে ধারাবাহিক এ হত্যাকাণ্ড বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সাংস্কৃতিক জোট, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৃথকভাবে শোক শোভাযাত্রা ও শোকসভার আয়োজন করা হয়।সাংবাদিক সমিতির শোক শোভাযাত্রা চাকসু মিলনায়তন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দার চৌধুরী, যুগ্ম সম্পাদক ও সহকারী প্রক্টর মোহাম্মদ আসাদুল হক, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল ইসলাম, শিক্ষক আলী আজগর চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সংস্কৃতিকর্মী: বিকেলে শহীদ মিনারের সামনে মানববন্ধন, শোক ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক মানস নন্দী, চট্টগ্রাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, আইনজীবী নেতা ইফতেখার সাইমুম চৌধুরী, শিল্পী আবুল মনসুর, কবি-সাংবাদিক আবুল মোমেন, বিশ্বজিৎ চৌধুরী, স্বপন মজুমদার প্রমুখ।চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: গতকাল সন্ধ্যায় নগরের নন্দনকানন কার্যালয়ে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন মুশতারী শফী। বক্তব্য দেন শৈবাল চৌধুরী, আনোয়ার হোসেন, গিয়াস আহমেদ, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।