সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হককে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়ায় নগরবাসী হতভম্ব। তাঁদের অনেকে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সরকার বিভাগ গতকাল বুধবার মেয়র আরিফুলকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। বিকেলের মধ্যেই এই আদেশের কথা নগরের বাসিন্দাদের মধ্যে জানাজানি হয়ে যায়। বিকেল চারটার দিকে নগর ভবনে গিয়ে দেখা যায়, সেখানে এক ধরনের নীরব পরিবেশ বিরাজ করছে। ওয়ার্ড কাউন্সিলরদের অনেকে এ আদেশে হতবাক। তাঁরা মেয়রকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলায় জড়ানো হয়েছে বলে মন্তব্য করেন। মেয়রের বিরুদ্ধে মামলা ও তাঁর কারাভোগের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানানো একজন ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘মানুষ আসলে কিংকর্তব্যবিমূঢ়। নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্তের এ আদেশ নগরবাসীর ভোটকে অশ্রদ্ধা করার শামিল।’
মেয়রকে বরখাস্তের আদেশ গতকাল বিকেল চারটা পর্যন্ত সিটি করপোরেশনে পৌঁছায়নি। এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ হয়েছে। এখনো লিখিত নির্দেশনা সিটি করপোরেশনে পৌঁছায়নি। নির্দেশনা পেলে সেই মোতাবেকই ব্যবস্থা নেওয়া হবে।
২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আরিফুল। গত ১৩ নভেম্বর তিনি অভিযুক্ত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায়। এরপর ৩০ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেয়রকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে অভিযোগ তুলে সিটি করপোরেশনের কাউন্সিলররা আন্দোলন শুরু করেছিলেন। টানা এক পক্ষ তাঁরা কর্মসূচি পালন করেন। এতে অবশ্য সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা ছিলেন না। এরপর ১ জানুয়ারি বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত হয় ‘আরিফ মুক্তি পরিষদ’ নামের একটি অরাজনৈতিক মোর্চা।
মেয়রকে বরখাস্তের আদেশের প্রতিক্রিয়ায় আরিফ মুক্তি পরিষদের সদস্যসচিব ফরিদ আহমদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটি আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে জেনেছি। এ ব্যাপারে কাগজপত্রাদি দেখে করণীয় নির্ধারণ করা হবে।’