‘এটা নতুন রাজনীতির নতুন সমীকরণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মন্ত্রিসভায় যোগ না দেওয়াকে ‘নতুন রাজনীতির নতুন সমীকরণের পূর্বাভাস’ বলে মনে করছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ দেশের রাজনীতি অত্যন্ত বিচিত্র। এটি নতুন রাজনীতির নতুন সমীকরণ বলে আমি মনে করি। এটি নতুন রাজনীতির নতুন সমীকরণের পূর্বাভাস মাত্র।’ তিনি বলেন, এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। সাংবিধানিক উপায়ে এবং গণতান্ত্রিকভাবে এর সফল সমাপ্তি ঘটবে।সুরঞ্জিত বলেন, নতুন মন্ত্রিসভায় যাঁরা যোগ দেননি, তা ছিল তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ও মহাজোটের শরিক মন্ত্রিসভায় যোগ না দেওয়ায় সাম্প্রতিক রাজনীতি রোমাঞ্চকর হয়ে উঠেছে। আওয়ামী শিল্পীগোষ্ঠীর ঢাকা জেলা শাখা আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হুমায়ুন কবির।