'এটা প্রধানমন্ত্রীর শেষ কথা কি না, তা পরিষ্কার নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ বহাল রেখে নির্বাচন হবে। বিষয়টি চূড়ান্ত কি না, বা এটা তাঁর শেষ কথা কি না, তা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা জানি না নির্বাচন সংসদ বহাল রেখে, নাকি ভেঙে দিয়ে হবে।’ নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিব কমিটির বৈঠকে বলেছিলেন, সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। এ সময় সংসদ বহাল থাকবে, তবে অধিবেশন বসবে না। মন্ত্রিসভা দৈনন্দিন কাজের বাইরে নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আবু হাফিজ আরও বলেন, রাজনীতিতে অনেক কথা হচ্ছে। সমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে, সমঝোতা হতে পারে। কমিশন এখন সেদিকে তাকিয়ে আছে। কমিশনকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সে জন্য কমিশনকে অপেক্ষা করতে হবে।
এ জন্য কমিশনের সামনে ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে বলে মনে করেন কমিশনার আবু হাফিজ। তিনি বলেন, ‘আপাতত প্রধানমন্ত্রী যে অবস্থানে আছেন, আমরা সেভাবে চিন্তা করছি। এরপর কী ঘটবে, সেটা সময় বলে দেবে। সময় বলে দেবে, এটা প্রধানমন্ত্রীর শেষ কথা কি না।’
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মনে করেন আবু হাফিজ। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় এবং কীভাবে হবে, তা নির্বাচনের পরিস্থিতির ওপর নির্ভর করবে। এখন পর্যন্ত পরিস্থিতি সেই পর্যায়ে যায়নি।’
প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন আবু হাফিজ। তিনি বলেন, ‘কমিশন সবার অংশগ্রহণে নির্বাচন করতে চায়। প্রধান দুই দলের মধ্যে সমঝোতা হবে বলেও আমরা মনে করি এবং সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই আশা রেখেই কমিশন নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে।’