দশম সংসদ নির্বাচনকে ‘বানরের পিঠা ভাগাভাগির’ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, বিএনপির চেয়ারপারসনের ডাকে সাড়া দিয়ে দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচনে ভোট দেয়নি। গায়ের জোরে যাঁরা ক্ষমতায় বসেছেন, তাঁদের মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ ছাড়া জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা জিয়ার করবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
গতকালের আলোচনা সভায় খন্দকার মোশাররফ দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রার্থীবিহীন ও ভোটারবিহীন নির্বাচন। বাংলাদেশে কোনো দিন এ ধরনের নির্বাচন হয়নি। খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে সঠিক ছিলেন, এই নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপির নেতা-কর্মীদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে।