
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়কে একটি অর্জন হিসেবে দেখছেন শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘বুদ্ধিজীবী হিসেবে আমাদের বাবাকে হত্যা করা হয়েছিল, তার আইনি স্বীকৃতি পাওয়া গেল। এটাই আমাদের অর্জন। এই অর্জন রক্তমাখা বাংলাদেশের যে ভিত আছে, সেটা কিছুটা হলেও পরিষ্কার করবে। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, তবে ৪২ বছর পরে পেয়েও গর্বিত।’মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘আমাদের মায়েরা এই বিচার দেখতে পারলেন না, সেটা আমাদের দুঃখ। তাঁদের যে সংগ্রাম, পিতৃহীনতার মধ্যে আমাদের বড় করা, লালন-পালন করে মানুষ হিসেবে তৈরি করা—এটাও স্বীকৃতি পেয়েছে বলে মনে করি। স্বামীবিহীন জীবনে তাঁদের সন্তানদের বড় করেছেন, একটা পুরো প্রজন্মকে বড় করেছেন। তাই এটা তাঁদেরও অর্জন।’ তিনি বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলে কিন্তু মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সে হিসেবে সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটাই আমরা চেয়েছিলাম।’ মেঘনা গুহঠাকুরতা আরও বলেন, ‘যেকোনো রাজনৈতিক সরকারের কাছে এটা আশা করা যায় না যে তারা রাজনৈতিক স্বার্থ দেখবে না। কিন্তু আমরা বলব, যত তাড়াতাড়ি সম্ভব রায় কার্যকর করতে হবে। আমি আশঙ্কা করছি, সরকার কয়েকটা রায় কার্যকর করবে। কয়েকটাতে তারা তাদের রাজনৈতিক স্বার্থ দেখবে। এ ক্ষেত্রে জনগণ কতটুকু সক্রিয়ভাবে চাপ দিচ্ছে, তার ওপর নির্ভর করবে অনেক কিছু।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সবেমাত্র শুরু। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।