অনলাইন গণমাধ্যম নীতিমালা বাতিলের দাবি বিএনপির
‘এটি তলোয়ার, যখন যাকে ইচ্ছা তার গলা কাটতে ব্যবহার হবে’
মন্ত্রিসভায় প্রস্তাবিত ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা খসড়া নীতিমালা-২০১২’ গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা অবিলম্বে বাতিল চেয়েছে বিএনপি। দলটি মনে করে, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা থামাতেই এই নীতিমালা। তাই এটি একটি তলোয়ার। যখন যাকে ইচ্ছা, তার গলা কাটতে ব্যবহার করা হবে।’গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তাঁর দাবি, এই নীতিমালার মাধ্যমে সরকার অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইছে।মির্জা ফখরুল বলেন, আগামী মাস থেকে এ নীতিমালা কার্যকর করার কথা বলেছে সরকার। কিন্তু এটি মানা খুব কঠিন এবং সবার জন্য সমানভাবে এর প্রয়োগ অসম্ভব। সরকার যাকে শায়েস্তা করতে চাইবে, বেছে বেছে তাদের বিরুদ্ধে প্রয়োগ করবে। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম কী, খসড়া নীতিমালায় তার সংজ্ঞা নেই। খসড়া নীতিমালার ৯(ঘ) উপধারাকে ‘ভয়ংকর’ বলে দাবি করে ফখরুল বলেন, ‘সরকার অন্য কোনো নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে অনলাইন গণমাধ্যমের লাইসেন্স বাতিল হবে। অর্থাৎ এ নীতিমালার বাইরের আদেশও মানতে হবে। নীতিমালার আরেক ধারায় বলা হয়েছে, অনলাইন গণমাধ্যমে দেশি-বিদেশি অন্য কোনো গণমাধ্যম লিংক করা যাবে না। তা হলে কি সংবাদপত্রগুলো তাদের খবরে ইউটিউব লিংক দিতে পারবে না?’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই নীতিমালার মাধ্যমে অনলাইন গণমাধ্যম সম্বন্ধে সরকারের নীতিনির্ধারকদের একটি বিপজ্জনক রকমের অজ্ঞতার প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে তরুণদের সৃজন স্পৃহাকে ধ্বংস করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের ‘মিথ্যা মামলা’ দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা এবং কুষ্টিয়ায় মা-মেয়েকে ছয় দিন আটকে রেখে পুলিশের পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান বিএনপির মুখপাত্র। তিনি নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।