'এত ইলিশ লই বদ্দা হড়ে যাইয়্যুম'
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে এখন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের উপকূল। এত ইলিশ পেয়েও হাসি নেই জেলেদের মুখে। তাঁরা বলছেন, মাছ ধরা পড়ছে, তবে আশানুরূপ দাম পাচ্ছেন না। অথচ খুচরা বাজারে এই ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে।
আজ শনিবার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, ৫০টির বেশি ট্রলার ভিড়েছে ঘাটে। এসব ট্রলারে হাজার হাজার ইলিশ। ৬০০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ১০০টি ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকায়। অর্থাৎ একটি ইলিশের দাম পড়ছে ১৪০ থেকে ১৮০ টাকা। খুচরা বাজারে প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।
জেলেরা বলছেন, এত ইলিশ ধরা পড়ছে, কিন্তু বিক্রি করতে গেলে ভালো দাম পাচ্ছেন না। ফন্দি করে দাম কমানো হয়েছে বলে অভিযোগ তাঁদের। ফিশারিঘাটের এক জেলে আবদুল মান্নান (৪৬) এই ক্ষোভ জানিয়ে বলেন, ‘এত হম দামত ইলিশ বেচির বদ্দা ভালা ন’লাগের। এত ইলিশ লই বদ্দা হড়ে যাইয়্যুম হনচাই। সবখানত এহই সিন্ডিকেট।’
নুনিয়াছটা ফিশারিঘাটে দেখা গেল, এফবি কাউসার নামে মহেশখালীর একটি ট্রলার থেকে ফিশারিঘাটে নামানো হলো ৩ হাজার ৮০০টি ইলিশ। ইলিশের সঙ্গে আছে ৯৫টি রুপচাঁদা ও ৪৫টি কামিলা মাছ। ব্যবসায়ীরা ব্যস্ত ইলিশ নিয়েই। দামদর শেষে এক ব্যবসায়ী ১০০ ইলিশ নিলেন ১৫ হাজার টাকায়। সব ইলিশের দাম মিলিয়ে ট্রলার মালিক পেলেন ৫ লাখ ৭০ হাজার টাকা।
এই ট্রলারের মালিক গোলাম আকবর (৫০) বললেন সিন্ডিকেট করে দাম কমানোর কথা। তিনি বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইলিশের দাম কমিয়ে দিয়েছেন। এতে ট্রলার মালিকও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জেলেরাও। এ ছাড়া বরফ-সংকটে পচে নষ্ট হওয়ার ভয়ে এই ইলিশ খুচরা বাজারে নিয়ে বিক্রিও সম্ভব হয় না। খুচরা বাজারে বিক্রি হলে ৩ হাজার ৮০০টি ইলিশের দাম ১৫ লাখ টাকার বেশি পাওয়া যেতো বলে দাবি করেন তিনি।
এরপর আরও কয়েকটি ট্রলারের জেলে একই দামে অন্তত ২৫ হাজার ইলিশ বিক্রি করলেন। মাছ বিক্রি শেষে ট্রলারগুলো পুনরায় সাগরে ফেরার প্রস্তুতি নেয়।
একটি ট্রলারের জেলে কাদির হোসেন (৫৫) বলেন, বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখা যাচ্ছে। তাই মাছ বিক্রি করে তাড়াতাড়ি সেখানে ছুটতে হচ্ছে। দেরি হলে ওই ইলিশের ঝাঁক মিয়ানমার উপকূলের দিকে চলে যেতে পারে।
তবে সিন্ডিকেটের বিষয়টি ভিত্তিহীন বলে জানালেন পাইকারি মাছ ব্যবসায়ীদের সংগঠন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘কোরবানির ঈদের দিন থেকে উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেরা খুশি। তবে ইলিশের দাম আরও বেশি পেলে জেলে পরিবারগুলো বেশি লাভবান হতো। কিন্তু দেশের বিভিন্ন উপকূলে ব্যাপক হারে ইলিশ ধরা পড়ায় দাম কমে গেছে। সিন্ডিকেট করে ইলিশের দাম কমানোর অভিযোগ ঠিক নয়।
সমিতির সূত্রমতে, এই ফিশারিঘাট থেকে দৈনিক ১৫ থেকে ২০ ট্রাক ইলিশ চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রতি ট্রাকে ৫০ থেকে ৬০ মণ মাছ ধরে।
ফিশারিঘাটের ব্যবসায়ীরা জানান, সাধারণ ক্রেতার পাশাপাশি শহরের তিন শতাধিক হোটেল-রেস্তোরাঁয় ইলিশ কিনছে। কম দামে তারা ইলিশ কিনলেও বিক্রি হয় অতিরিক্ত দামে।
মাছের দাম কম বলে জানালেন কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেকও। তিনি বলেন, জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লেও দাম কম। তবু জেলেদের মধ্যে ইলিশ ধরার প্রতিযোগিতা চলছে। জেলার পাঁচ হাজারের বেশি ট্রলার এখন সাগরে। কয়েক দিনের মধ্যে ট্রলারগুলো আরও ইলিশ নিয়ে ঘাটে ফিরবে। তখন ইলিশে সয়লাব হবে বাজার।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের মাধ্যমে জানা গেল, শুধু ফিশারিঘাট নয়, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া উপকূলেও ব্যাপক হারে ধরা পড়ছে ইলিশ।
জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, ভাদ্রের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। গত কয়েক বছরে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ থাকায় এর সুফল মিলছে।