‘এত কবর কখনো দেহি নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোঁড়া হয়েছে সারি সারি অনেক কবর। এগুলোর চারপাশে উৎসুক মানুষের ভিড়। গতকাল সোমবার বিকেলে জুরাইন কবরস্থানে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে আগুনে অঙ্গার অনেক শ্রমিকের ঠাঁই মিলবে এখানেই।জানতে চাইলে কবরস্থানের নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘৩০ বছর ধইরা কবরস্থানে চাকরি করতাছি। চাকরিজীবনে একই ঘটনায় এত কবর কখনো দেহি নাই।’ যাঁদের জন্য এসব কবর, সেই শ্রমিকেরা মাত্র তিন দিন আগেও ছিলেন স্বজনদের মাঝে। ছিলেন সবার কাছেই পরিচিত। কিন্তু এই চিরচেনা মুখগুলোই আজ বড় অপরিচিত। আগুনে পোড়া মানুষগুলোকে এখন চেনা বড় দায়। গত রোববার থেকেই লাশ শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভিড় জমতে থাকে স্বজনদের।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬২টি লাশ মর্গে আনা হয়েছিল। ৫৯টি লাশের ডিএনএ পরীক্ষার জন্য দাঁত ও পেশি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন আলামত দেখে লাশ শনাক্ত করে পাঁচটি লাশ নিয়ে গেছেন স্বজনেরা। বাকি ৫৭টি লাশ গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত মর্গেই ছিল। আজ সকাল ১০টা পর্যন্ত লাশ শনাক্তকরণের প্রক্রিয়া চলবে। এ জন্য মর্গে শাহবাগ থানার পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। আজ সকাল ১০টার মধ্যে স্বজনেরা নির্দিষ্ট লাশ শনাক্ত করতে পারলে তাঁদের তা দিয়ে দেওয়া হবে। সকাল ১০টার পর বাকি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পরে লাশগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে।ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, কবর দেওয়ার পর কোনো দাবিদার এলে ডিএনএ পরীক্ষার আশ্রয় নেওয়া হবে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর প্রত্যেকটি লাশে এক-দুই করে নম্বর দেওয়া হয়েছে। কবরগুলোর ওপরেও একই নম্বর দেওয়া হবে। লাশগুলোর দাবিদার কেউ থাকলে ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পরীক্ষা করা হবে। ফলাফলের মিল পাওয়া গেলে নম্বর অনুযায়ী স্বজনেরা জানতে পারবেন, কোন কবরে তাঁদের সেই নির্দিষ্ট লাশ আছে। এরপর লাশ জুরাইন কবরস্থানেই থাকবে, না তাঁরা নিয়ে যাবেন, স্বজনেরাই তা ঠিক করবেন।