'এত দাম দিয়ে কেউ কিনবে না'

‘গরুর দাম আপনারা বেশি চাইছেন। এত দাম দিয়ে কেউ কিনবে না’—গাবতলী গরুর হাটে এসে আজ শুক্রবার ব্যাপারীর চাওয়া দাম শুনে এভাবেই প্রতি উত্তর করলেন ক্রেতা আহমেদ রাজু। তিনি বলেন, ‘হাট ঘুরে দেখলাম অনেক গরু এসেছে, কিন্তু ব্যাপারীরা অনেক বেশি দাম চাইছেন।’
আজ শুনিবার সরেজমিনে গাবতলী হাটে দেখা যায়, হাটের অধিকাংশ এলাকায় কোরবানির পশুতে পূর্ণ হয়েছে। ব্যাপারীদের কেউ গরু গোসল করাচ্ছেন, কেউবা দিচ্ছেন খাবার। ঈদের এখনো সাত দিন বাকি। ক্রেতারা পুরোদমে এখনো হাটমুখী না হওয়ায় গরু ব্যাপারীরা তুলনামূলকভাবে অলস সময় পার করছেন।
অন্তত পাঁচজন গরুর ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আশঙ্কা করছেন, বাজারে ভারতীয় গরু আসলে তাঁদের লোকসান হবে।
রবিউল ইসলাম নামের এক ব্যাপারী ১৭টি গরু হাটে এসেছেন। গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট। তিনি গরু ভেদে ৬০ হাজার থেকে এক লাখ টাকা দাম হাঁকছেন।
ব্যাপারীরা বেশি দাম চাইছে—ক্রেতাদের এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ব্যাপারী জিল্লুর রহমান বলেন, তিনি কুষ্টিয়া থেকে গাবতলী হাটে গরু এনেছেন। একটা গরু আনতে ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ গত বছর চেয়ে বেশি হয়েছে। আর খাবার ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। এই কারণে দাম এবার বেশি।

হাটে আরেক ক্রেতা আশরাফ উদ্দিন দাবি করেন, গত বছর যে গরুর দাম ছিল ৬০ হাজার টাকা, সেই একই ধরনের গরুর দাম এবার ব্যাপারীরা চাইছেন এক লাখ টাকা।
গাবতলীর পশুর হাট ঘুরে দেখা গেছে, গরুর পাশাপাশি হাটে বেশ কিছু মহিষ এসেছে। কুষ্টিয়ার লোকজনই গাবতলীর হাটে গরু এনেছে বেশি। এদের কয়েকজন কালাম, ছলিম, সোহরাব ও রহমান। এই চার ব্যাপারী দাবি করেন, গত কয়েক বছর ঢাকায় গরু এনে তাঁদের লোকসান হয়েছে। তাঁরা বলেন, ‘একটু লাভের আশায় অনেক কষ্ট করে গরু ঢাকায় এনেছি। এখন যদি ভারতের গরু বাজারে না আসে তাহলে আমরা লাভ করতে পারব।’
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গরুর হাটেও দেখা গেল একই চিত্র। সোহরাব হোসেন নামে একজন বিক্রেতা একটি গরুর দাম চাইলেন ৯০ হাজার টাকা। সেখানে দাঁড়ানো আরেক ব্যবসায়ী বললেন, শেষ পর্যন্ত এই গরু সর্বোচ্চ ৬০ হাজার টাকায় বিক্রি হবে বলে তাঁর ধারণা। তবে সবকিছু নির্ভর করবে বাজারে কত গরু আসবে তার ওপর।
এদিকে রাজধানীতে ১৭টি স্থানে আগামীকাল শনিবার থেকে পশুর হাট বসার কথা থাকলেও ইতিমধ্যেই রাজধানীর হাটগুলোতে প্রচুর গরু এসেছে।