‘২০ মিনিট সময় লাগার কথা চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে হাটহাজারী সদরে যেতে। সড়কটি সরু হওয়ায় যানজটে পড়ে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। অথচ অক্সিজেন-হাটহাজারী সড়ক চার লেন করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা। বর্তমানে দুই লেনের কাজও চলছে ধীর গতিতে। আগামী নির্বাচনেও প্রতিশ্রুতির খই ফুটিয়ে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা ভুলে যাবেন জনগণের দুঃখ-দুর্দশার কথা।’
সিএনজি অটোরিকশায় বসে কথাগুলো বলছিলেন আইনজীবী শফিউল মোরশেদ চৌধুরী। বাবার কবর জিয়ারত করতে তিনি চট্টগ্রাম নগর থেকে হাটহাজারী সদরে যাচ্ছিলেন। বেলা ১১টায় রওনা হলেও হাটহাজারী সড়কের আমানবাজার, বড় দীঘিরপাড়, চৌধুরীহাট, ফতেয়াবাদ, নন্দীরহাট ও বাসস্ট্যান্ডের যানজটে আটকা পড়ে তিনি বাড়িতে পৌঁছান ১২টা ৪০ মিনিটে।
শুধু ওই আইনজীবী নন, হাটহাজারী সড়ক দিয়ে যাতায়াত করতে হয় তিন পার্বত্য অঞ্চলের মানুষকে। তারাও প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। জাতীয় পার্টির আমলে হাটহাজারী থেকে নির্বাচিত আইনজীবী আনিসুল ইসলাম মাহমুদকে এবার মহাজোটের প্রার্থী হিসেবে ভোট দেন হাটহাজারীবাসী। সবার আশা ছিল, এবার তিনি মন্ত্রী হবেন। উন্নয়ন হবে হাটহাজারীর; কিন্তু তা হয়নি। আনিসুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন, এলাকায় শিল্পকারখানা, গার্মেন্টস ভিলেজ, গ্যাস সরবরাহ ও রাস্তাঘাটের উন্নয়ন করবেন। কিন্তু গুটি কয়েক রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার ৪২ বছরেও হাটহাজারীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শতবর্ষের পুরোনো ফতেয়াবাদ আদর্শ উচ্চবিদ্যালয়, হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ও নাজিরহাট কলেজকে আজও সরকারীকরণ করা হয়নি।
হাটহাজারীর ইতিহাস গ্রন্থের প্রণেতা মাস্টার আবুল হাশেম ক্ষোভের সঙ্গে বলেন, ‘এত মন্ত্রী-এমপি বানাইছি, কেউ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করেনি। বাড়তি টাকা দিয়ে ছেলেমেয়েদের পড়াতে হচ্ছে। অথচ প্রবাসী-অধ্যুষিত হাটহাজারী থেকে সরকার কোটি কোটি টাকার রেমিট্যান্স পাচ্ছে।’
জেলা রাঙামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়িতে যাতায়াতের অন্যতম সেতুবন্ধ অক্সিজেন-হাটহাজারী সড়ক। সড়কের দুপাশে দেখা গেছে অসংখ্য বাজার। এ ছাড়া সরু হওয়ায় যানজট নিত্যদিনের সঙ্গী। সড়কের দুপাশে চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা।
সদর এলাকার এক ব্যাংক কর্মচারী মোহাম্মদ ফোরকান বলেন, ‘সড়কের পাশে বাজার। অবৈধ দখল বন্ধ করা না গেলে যানজট থাকবেই।’
হাটহাজারীতে এলজিইডির আওতায় রাস্তাঘাট উন্নয়নে প্রায় ৩৫ কোটি টাকার কাজ করেছেন বলে দাবি করেন স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম। কিন্তু এখনো হাটহাজারীর মাদার্শা, বড় দীঘিপাড়, গুরুদুয়ারা, ইছাপুর, নাঙ্গলমোড়া, ধলই, কাটিরহাট, ছিপাতলী এলাকায় একটু বৃষ্টি নামলেই মানুষ ঘর থেকে বেরোতে পারে না।
নাঙ্গলমোড়া এলাকার বাসিন্দা ছাত্রনেতা জসীম উদ্দিন বলেন, ‘বর্ষায় ঘর থেকে বের হওয়া যায় না।’
নগরের সঙ্গে লাগোয়া এবং সড়ক ও রেলপথ থাকলেও উদ্যোগের অভাবে কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। হাটহাজারীতে নির্বাচনের আগে গার্মেন্টস ভিলেজ ও শিল্পকারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ আনিস। কিন্তু সরকারের মেয়াদ শেষের দিকে হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এ প্রসঙ্গে আনিস বলেন, ‘আগামীবার নির্বাচিত হলে আমি এ প্রতিশ্রুতিগুলো পূরণ করব।’
১৯৯৬ সালের নির্বাচন ছাড়া স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতিবারই হাটহাজারীর সংসদীয় আসন থেকে সরকারি দল জয়লাভ করেছে। এঁদের প্রত্যেকেই জনগণকে বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের আশার বাণী শুনিয়েছেন। কিন্তু কারও আশার বাণী আজও বাস্তবতার মুখ দেখেনি।