‘এদিকে শ্বশুর, ওদিকে শালা, আমার হয়েছে জ্বালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপি দুই অংশে বিভক্ত। একাংশের সভাপতি কামরুজ্জামান। তিনি আক্কেলপুরের বর্তমান পৌর মেয়র। জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধানের সমর্থন রয়েছে তাঁর পক্ষে। অপর অংশের সভাপতি আলমগীর চৌধুরীর পক্ষে জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফার সমর্থন রয়েছে। তাঁরা দুজনই এবার আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামরুজ্জামান সম্পর্কে আলমগীরের ফুফা হন। এই ফুফা-ভাতিজাকে নিয়ে আত্মীয়স্বজন পড়েছেন বিপাকে।মেয়র প্রার্থী কামরুজ্জামান ভাতিজি জামাই ও আলমগীর চৌধুরীর দুলাভাই আবু ওহাব চৌধুরী বলেন, ‘এদিকে শ্বশুর, ওদিকে শালা, আমার হয়েছে জ্বালা।’ বিএনপির কর্মী রাসেল বলেন, ‘দুজনই বিএনপির প্রার্থী। কার পক্ষে কাজ করব, তা নিয়ে নিজেই বিব্রত। তাই কোনো প্রার্থীর পক্ষেই প্রকাশ্যে কাজ করতে যাচ্ছি না।’জানা গেছে, ১৯৯৯ সালের ২৮ ফেব্রুয়ারি আক্কেলপুর পৌরসভা গঠিত হয়। ২০০২ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি কামরুজ্জামান পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। কয়েক মাসের মধ্যেই কামরুজ্জামান দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। তাঁকে জেলা ও উপজেলা বিএনপির সদস্যপদ দেওয়া হয়।দলীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে আলমগীর চৌধুরী সভাপতি নির্বাচিত হন। বিএনপি সরকারের সময় কয়েক মাস ফুফা-ভাতিজার সম্পর্ক ভালোই ছিল। সরকারের মেয়াদ শেষ হওয়ার বছর খানেক আগে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। জাতীয় সংসদ নির্বাচনের আগে তা প্রকট আকার ধারণ করে। আলমগীর চৌধুরীর নেতৃত্বে বিএনপির একাংশ গোলাম মোস্তফার পক্ষে কাজ করে। আর পৌর মেয়র কামরুজ্জামান জেলা বিএনপির সভাপতি মোজাহার আলীর পক্ষে কাজ করেন। জয়পুরহাট-২ আসনে গোলাম মোস্তফা বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। সাংসদ গোলাম মোস্তফা সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটির ঘোষণা দেন। ঘোষিত ওই কমিটিতে আলমগীর চৌধুরীকে সভাপতি করা হয়। জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান সমর্থিত পক্ষ পাল্টা সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা দেয়। পৌর মেয়র কামরুজ্জামানকে পৌর বিএনপির সভাপতি করা হয়। দুই কমিটিই আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। এখন পৌর নির্বাচনে দুই কমিটির দুই সভাপতি মেয়র পদে লড়ছেন।সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘পৌর বিএনপির সভাপতি আলমগীর চৌধুরী অনেক আগে থেকেই পৌর নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।’