
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সম্পৃক্ততার বিষয়টি ২০১০ সালের আগে কোনো সাক্ষী তাঁদের জবানবন্দিতে বলেননি।এনএসআইয়ের তত্কালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমের আইনজীবীর জেরার জবাবে সর্বশেষ তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী আদালতে এ কথা বলেন।আজ বুধবার আবদুর রহিমের পক্ষে জেরা শেষ হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর আদালতে এস এম মজিবুর রহমানের আদালতে সিআইডির এই কর্মকর্তাকে আসামির আইনজীবী কামরুল ইসলাম জেরা করেন।আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেরা শুরু হয়।মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটায় তা শেষ হয়।আদালত কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
আইনজীবী সাজ্জাদ আদালতে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন আদালতে এবং তদন্তকারী কর্মকর্তার কাছে যে তথ্য দিয়েছেন, এর সঙ্গে আদালতে দেওয়া সাক্ষ্যের মিল নেই।২০১০ সালের আগে এই দুই পুলিশ কর্মকর্তা কোনো আসামির নাম বলেননি।
জবাবে মনিরুজ্জামান বলেন, ‘আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে কিংবা সাক্ষ্যে কী বলেছেন, সেটা তাঁদের বক্তব্য।২০১০ সালে আমার কাছে ওই দুই পুলিশ কর্মকর্তা যা বলেছেন, তা আমি লিপিবদ্ধ করেছি।’
কামরুল ইসলাম পাল্টা জবাবে বলেন, ‘২০১০ সালে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন আসামির নাম আদায় করা হয়।’ তখন সিআইডির মনিরুজ্জামান মাথা নেড়ে ‘না’-সূচক জবাব দেন।
প্রসঙ্গত, সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিনের তত্পরতার কারণে ১০ ট্রাক অস্ত্র আটক হয়।এরপরই তাঁদের বিরুদ্ধে বিশাল চালানের অস্ত্র থেকে দুটি একে-৪৭ রাইফেল গায়েব করার অভিযোগ আনা হয়।পরে ২০০৫ সালে নোয়াখালীর সুধারাম থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।বর্তমান সরকার ক্ষমতায় এলে তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়।তাঁরা দুজনই চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত আছেন।
আইনজীবী সাজ্জাদ আদালতে বলেন, ‘২০০৯ সাল পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা ও আদালতে দেওয়া জবানবন্দিতে তত্কালীন বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার কখনো আবদুল্লাহ হেল বাকী ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে এনএসআইয়ের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে আনেননি।ডিআইজি পদে পদোন্নতির প্রলোভন দেখিয়ে ২০১০ সালে তাঁর কাছ থেকে কিছু নাম আদায় করা হয়।’
বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের বিশাল চালান ধরা পড়ে।এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়।বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মনিরুজ্জামান চৌধুরী।ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন এবং ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।