চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সম্পৃক্ততার বিষয়ে ২০১০ সালের আগে কোনো সাক্ষী জবানবন্দি দেননি। এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমের আইনজীবীর জেরার জবাবে সর্বশেষ তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী গতকাল বুধবার আদালতে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর এস এম মজিবুর রহমানের আদালতে গতকাল সিআইডির এই কর্মকর্তাকে ব্রিগেডিয়ার রহিমের পক্ষে আইনজীবী কামরুল ইসলাম জেরা করেন। দুপুর সাড়ে ১২টায় জেরা শুরু হয়। এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত জেরা চলে। ব্রিগেডিয়ার রহিমের পক্ষে গতকাল জেরা শেষ হয়েছে।
আইনজীবী কামরুল আদালতে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন আদালতে ও তদন্ত কর্মকর্তার কাছে যে তথ্য দিয়েছেন, তার মধ্যে মিল নেই। ২০১০ সালের আগে এই দুই পুলিশ কর্মকর্তা কোনো আসামির নাম বলেননি।
জবাবে মনিরুজ্জামান বলেন, ‘আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি কিংবা সাক্ষ্যে ওই দুই পুলিশ কর্মকর্তা কী বলেছেন, সেটা তাঁরাই ভালো জানেন। তবে ২০১০ সালে তাঁরা আমার কাছে যা বলেছেন, তা আমি লিপিবদ্ধ করেছি।’ এ সময় আইনজীবী কামরুল বলেন, ‘২০১০ সালে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন আসামির নাম আদায় করা হয়।’ তখন সিআইডির মনিরুজ্জামান মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দেন।
সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিনের তৎপরতার কারণে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। এর পরই তাঁদের বিরুদ্ধে বিশাল চালানের অস্ত্র থেকে দুটি একে-৪৭ রাইফেল গায়েব করার অভিযোগ আনা হয়। পরে ২০০৫ সালে নোয়াখালীর সুধারাম থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের মামলা প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়। তাঁরা দুজনই বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত আছেন।
আইনজীবী কামরুল আদালতে বলেন, ‘২০০৯ সাল পর্যন্ত তদন্ত কর্মকর্তা ও আদালতে দেওয়া জবানবন্দিতে বন্দর পুলিশের তৎকালীন উপকমিশনার আবদুল্লাহ হেল বাকী ১০ ট্রাক অস্ত্র মামলায় কখনো এনএসআইয়ের সম্পৃক্ততার বিষয়ে কিছু বলেননি। ডিআইজি পদে পদোন্নতির প্রলোভন দেখিয়ে ২০১০ সালে তাঁর কাছ থেকে কিছু নাম আদায় করা হয়।’ সিআইডির কর্মকর্তা মনিরুজ্জামান এই বক্তব্য সত্য নয় বলে আদালতকে জানান। আদালত আজ বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি রাখা হয়েছে।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের বিশাল চালান ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।