মলাইটিলার চূড়ায় ‘পুকুর’ করার আলোচিত ঘটনায় এ বিষয়ে উচ্চপর্যায়ের অভিযান (এনফোর্সমেন্ট) চালানোর জন্য গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। টিলাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সিলেটের উপজেলা প্রশাসনের অনুসন্ধান-প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় ওই চিঠি পাঠায়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতি ও শুক্রবার পরপর দুদিনে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অনুসন্ধানে টিলার চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে বিশাল গর্ত খোঁড়ার বিষয়টি নিশ্চিত হয়। টিলাটি ধ্বংস করতেই ওই কাজ করা হয়েছে—এ সম্ভাবনার বিষয়টি বিবেচনায় এনে পরিবেশ অধিদপ্তরের ‘এনফোর্সমেন্ট’ পরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘টিলার চূড়ায় পুকুর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা সিলেটের সর্বত্র আলোড়ন তোলে। ধারণা করা হচ্ছে, কৌশলে টিলাটি সমান করে ফেলে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলাই ছিল পুকুর খননে জড়িতদের উদ্দেশ্য। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম হওয়ায় টিলাটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আমরা উচ্চপর্যায়ের অভিযান চালানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। টিলা কেটে তৈরি করা বিশাল গর্ত ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, টিলার চূড়ায় গর্ত তৈরি করায় সংশ্লিষ্ট আবাসন প্রকল্পটির চেয়ারম্যানসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।উল্লেখ্য, মলাইটিলার চূড়ায় খনন করা অংশের মালিক সিলেট মহানগর বিএনপির একজন নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। তিনি ‘শালিমার হাউজিং লিমিটেড’ নামের একটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান। এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগীয় কার্যালয় আজ রোববার মলাইটিলা পরিদর্শন করবে বলে সংগঠনটির সিলেট অঞ্চলের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রথম আলোকে জানিয়েছেন।