'এফ' ইউনিটে পুনরায় ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের (এফ) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি ইউনিটটির ভর্তি বাতিল করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশীদ আসকারী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই সবকিছু তত্ত্বাবধান করছি। শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শতভাগ নিশ্চয়তা দিয়ে পরীক্ষা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য দুটি: পরীক্ষায় শতভাগ দৃশ্যমান স্বচ্ছতা আনা এবং মেধার ভিত্তিতে শতভাগ ভর্তি নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ বলেন, আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে বেলা ১১টা পর্যন্ত। এতে ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিনটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত ২৫ জানুয়ারি গণিত বিভাগের শিক্ষক এস এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটির তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ‘এফ’ ইউনিটের ভর্তি বাতিল করা হয়। ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি জরুরি সভায় নতুন করে ভর্তি পরীক্ষার দিনক্ষণ ধার্য করে।