'এবার কি খুনি বখাটেদের আশ্রয় প্রশ্রয় দেবে পুলিশ?'
‘বখাটেকে আশ্রয়ের প্রতিবাদ জানানোয় খুন হয়েছেন বিপ্লব। এবার কি খুনি বখাটেদের আশ্রয়-প্রশ্রয় দেবে পুলিশ?’ সিলেট নগরের রায়নগরে বিপ্লব রায় ওরফে বিকুল (৩০) হত্যাকাণ্ডের চার দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় এমন প্রশ্ন তুলে ‘সিলেটবাসী’র ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় রায়নগরের মুখে দাদাপীরের মোকামের সামনে মানববন্ধন পালন করা হয়।
গত মঙ্গলবার রাতে বিপ্লবকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরের দিন রাতে সিলেট কোতোয়ালি থানায় বিপ্লবের ভাই বিশ্বজিৎ রায় বাদী হয়ে মামলা করেছেন। মামলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে সুমন দাস ও তাঁর আশ্রয়দাতা জমশেদ সিরাজ, কবির আহমদ, রুবেল দাস, জুবেল মিয়া—এ পাঁচজনকে আসামি করা হয়েছে। জমশেদ নগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজের ছোট ভাই।
পুলিশ দাবি করছে, ঘটনার পর থেকে আসামিরা এলাকাছাড়া। তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে এদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মানববন্ধনে বিপ্লবের পরিবারের সদস্যসহ এলাকাবাসী একাত্ম হন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা মানববন্ধনে মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী, সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, আইনজীবী বনশ্রী দাস, দেওয়ান মুরাদ হোসেন, চিকিৎসক এপলো চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।