‘এবার পাড়া ঘুরে বেড়াব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেতনে (বারান্দা) থেকে নামতি পারছিলাম না, এখন চেয়ারে বসে এ পাড়া-ও পাড়া ঘুরে বেড়াব’ কথাগুলো বলছিল হুইলচেয়ার পাওয়া শারীরিক প্রতিবন্ধী দুই ভাইবোন।হুইলচেয়ার পেয়ে তারা খুবই খুশি। কিন্তু তাদের আরেক প্রতিবন্ধী ভাই চেয়ার না পাওয়ায় এই দুই প্রতিবন্ধীর মনটা কিছুটা খারাপ। অবশ্য তারা ভাগাভাগি করে ব্যবহার করবে বলে জানিয়েছে।ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের প্রতিবন্ধী তিন ভাইবোন। বড় ভাই তাজুল ইসলাম, মেজো ভাই সাইফুল ইসলাম ও বোন আলেয়া খাতুন। তারা কেউ ১২ বছর আবার কেউ ১৫ বছর বারান্দায় পড়ে আছে। চলাফেরা করতে পারে না। প্রথম আলোয় গত ১১ জুলাই ‘অভিশপ্ত ১৫ বছর বয়স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রোটারি ক্লাব অব ঢাকার আর্থিক সহযোগিতায় বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) তাদের দুটি হুইলচেয়ার দেয়। বি-স্ক্যানের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সালমা মাহবুব চেয়ার দুটি সংগ্রহ করেন। তিন ভাইবোনের মধ্যে মেজো ভাই সাইফুল ইসলাম ও বোন আলেয়া খাতুনকে দেওয়া হয়েছে হুইলচেয়ার দুটি। মহেশপুর পৌরসভার মেয়র আমিরুল ইসলাম খান গতকাল শুক্রবার সকালে জলিলপুর গ্রামে প্রতিবন্ধী দুই ভাইবোনের হাতে হুইলচেয়ার দুটি তুলে দেন। এ ছাড়া ঢাকার একজন শিল্পপতি তাদের চিকিৎসা করাচ্ছেন বলে তাদের মা রিজিয়া খাতুন জানিয়েছেন।