‘এবার প্রতিরোধের পালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঠ-মন্দির ভাঙচুর ও লুটপাট, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের লালদীঘি মাঠে গতকাল শনিবার গণসমাবেশ হয়েছে। সমাবেশে সনাতন ধর্মীয় নেতারা বলেছেন, ‘আর কোনো প্রতিবাদ নয়, এবার প্রতিরোধের পালা। তরুণ সমাজ প্রতিরোধের জন্য প্রস্তুত হও।’শ্রীশ্রীজন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী মিছিলসহকারে এসে জড়ো হয়। সমাবেশে সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতৃস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে দেশের প্রতিটি এলাকায় সামাজিক নিরাপত্তা স্কোয়াড গঠনের পাশাপাশি সাত দফা কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি প্রদান ও গণ-অনশনের কর্মসূচি রয়েছে।জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদারের সঞ্চালনে সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সাংসদ মোশারফ হোসেন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছান হায়দার চৌধুরী, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, অধ্যাপক জিনবোধী ভিক্ষু প্রমুখ।এ সমাবেশে সংহতি জানাতে আসা আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের উদ্দেশ করে সনাতন সম্প্রদায়ের নেতারা বলেন, ‘আমাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিন। ওই অস্ত্র সন্ত্রাসের জন্য নয়, ব্যবহার করব নিজেদের নিরাপত্তার জন্য।’সমাবেশে সনাতন ধর্মীয় নেতাদের মধ্যে কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর বিজয় কৃষ্ণ চৌধুরী, তপন কান্তি দাশ, গৌরাঙ্গ দে, রাখাল দাশ প্রমুখ বক্তব্য দেন।