'এবার প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অপেক্ষমাণ কক্ষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামশেদ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকের মধ্যে কথা হচ্ছিল প্রার্থীদের নিয়ে। জামশেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দল-সমর্থিত মেয়র হলেও বর্তমান মেয়র সফিউল আলম তেমন কাজ করতে পারেননি। ৮ নম্বর ওয়ার্ডে গত আট বছরে রাস্তাঘাটের অবনতি ছাড়া কোনো উন্নয়ন হয়নি। এবার আমরা চিন্তা-ভাবনা করেই ভোট দেব।’
রফিক বললেন, তাঁদের ওয়ার্ডসহ (৪ নম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে প্রায় সব ওয়ার্ডে সাধ্যমতো কাজ করেছেন বর্তমান মেয়র। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। এবার দলীয় মার্কা নিয়ে ভোট হচ্ছে। বাগ্বিতণ্ডার পর দুজনে একমত হন, প্রার্থী যে দলেরই হোক না কেন, যোগ্যতা দেখে ভোট দেবেন তাঁরা।
এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম (নৌকা), বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলম (নারিকেলগাছ), অপর বিদ্রোহী প্রার্থী সিরাজ-উদ-দৌলা (জগ), বিএনপির প্রার্থী সৈয়দ আবুল মুনছুর (ধানের শীষ), জাতীয় পার্টির নুরুন নবী ভুঁইয়া (লাঙল) ও জামায়াতের (স্বতন্ত্র) তাওহীদুল হক চৌধুরী (মুঠোফোন)।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড সদর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। চলতি বছরের এপ্রিলে পৌরসভাটি ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়। ২৯ হাজার ৬৭৯ জন ভোটার। এর প্রায় অর্ধেক রয়েছেন নারী ভোটার।
পৌরসভার আমিরাবাদ ওয়ার্ডের ভোটার আলাউদ্দিন সোহেল বলেন, সদরে বিএনপি-জামায়াতের প্রভাব বেশি। এ ছাড়া ছয় মেয়র পদপ্রার্থীর মধ্যে যোগ্যতায় জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এগিয়ে থাকলেও মেয়র নির্বাচিত হলে বিরোধী জোটে থাকায় এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকায় উন্নয়ন করতে পারবেন না।
কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, যেহেতু সরকারে আছে আওয়ামী লীগ, তাই দলটির প্রার্থী নির্বাচিত হলেই কেন্দ্র থেকে উন্নয়নের অধিক প্রকল্প পাবেন। এলাকার উন্নয়ন হবে।