'এবার প্রেসক্লাব দখল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল রোববার স্বতন্ত্র সাংসদ তানজীব আলম সিদ্দিকী বলেছেন, ভূমি দখল, ক্যাম্পাস দখলের পর এবার জাতীয় প্রেসক্লাব দখল হয়েছে। পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

তানজীব বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। কিন্তু তাঁরা আজ দলাদলিতে ক্ষতবিক্ষত। এক পক্ষ প্রেসক্লাব দখল করে নিয়েছে। আগে সেখানে নির্বাচিত কমিটি ছিল। কিন্তু এখন জাতির বিবেক দখল হয়ে গেছে।

নয় মাইল যেতে ৭২ ঘণ্টা: একটি অত্যাধুনিক জাহাজের নয় মাইল দূরত্ব পাড়ি দিতে কেন ৭২ ঘণ্টা সময় লাগল, সে প্রশ্ন তুলেছেন জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল। পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, ১৯ জুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রেলসেতু ভেঙে তেল পানিতে মেশার তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ পৌঁছেছে ঘটনাস্থলে। এরই মধ্যে কর্ণফুলী হয়ে তেল হালদায় ছড়িয়ে পড়ছে। বিষয়টি খতিয়ে দেখতে তিনি স্পিকারের কাছে রুলিং দাবি করেন।

রেল মন্ত্রণালয়ের উদ্দেশে মঈন উদ্দীন খান বলেন, সেতুগুলো অনেক আগে থেকেই নাজুক ছিল। বারবার বলার পরও এসব সেতুর মেরামতে বরাদ্দ পাওয়া যায়নি। সারা দেশের সেতুর জন্য টাকা হয়, বোয়ালখালী উপজেলার সেতুর জন্য একটা পয়সাও বের হয় না। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় জানত সেতুটি ক্ষতিগ্রস্ত। তাহলে কেন সেখান দিয়ে রেল চলাচলের অনুমতি দেওয়া হলো? তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে দুর্ঘটনার পরপরই অবহিত করা হলেও কারও কাছ থেকে সাড়া মেলেনি।

মঈন উদ্দীন খান বলেন, আমলারা যেন জনপ্রতিনিধিদের সম্মান করতে শেখেন এবং কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকলে যেন তাঁদের ফোনটা ধরেন।

‘ঈদে মহাসড়কে যানজট থাকবে না’: সংসদে গতকাল ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদের সময় মহাসড়কে যানজট থাকবে না। যানজট হলেও তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলে চুক্তির বিষয়ে বিবৃতি দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে এই চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীদের মধ্যে এ বিষয়ে রূপরেখা চুক্তি হয়।

ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে সব স্টেকহোল্ডারকে নিয়ে আজ সোমবার একটি সভা আহ্বান করা হয়েছে।