'এবার যেন অন্তত নিজের ভোটটা দিতে পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৫ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। উপজেলা নির্বাচনেও আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এবার যেন অন্তত নিজের ভোটটা দিতে পারি। সেই ব্যবস্থা করা হোক।’ বরিশালের মুলাদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মো. জাহাঙ্গীর ব্যাপারী মনে শঙ্কা নিয়ে এভাবেই তাঁর ইচ্ছা ব্যক্ত করেন।
ভোটকেন্দ্রে যাওয়ার আগেই তাঁদের ভোট দেওয়া হয়ে যাবে কি না—জাহাঙ্গীর ব্যাপারীর মতো পৌর এলাকার অনেক ভোটারেরই এমন শঙ্কা। পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে এই পৌরসভা প্রতিষ্ঠা হয়। এটি প্রথম শ্রেণির পৌরসভা। ৫ দশমিক ৯০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই পৌরসভা গঠিত। জনসংখ্যা ২৫ হাজার ৫২৫ জন। ভোটার ১১ হাজার ৩৬২ জন।
গত বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে নানা বয়সী অন্তত ৬০ জন ভোটারের সঙ্গে কথা বলে নানা অভিযোগের কথা শোনা গেছে। তবে ভোটাররা যত না উন্নয়নের দাবি নিয়ে কথা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা নিয়ে। কেউ বলেছেন ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে, কেউ বা বলেছেন উপজেলা নির্বাচনের মতো হবে। কেউ আবার সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবিও করেছেন।
৭০ বছর বয়সী মো. ইউসুফ মাঝি বলেন, ‘উপজেলা নির্বাচনে তো দেখেছি ১০টার আগে পিটিয়ে নিয়েছে। এবারও সে রকম হওয়ার আশঙ্কা রয়েছে।’
৪ নম্বর ওয়ার্ডের ভোটার মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘সাধারণ ভোটার হিসেবে আমাদের ভয়, ভোট হবে তো! আমাদের দাবি একটি সুষ্ঠু ভোট যেন অনুষ্ঠিত হয়।’
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন ঢালী বলেন, ‘ভোটের দিন ভোটকেন্দ্রে ঢুকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা দখল করে না
নিলে মুলাদীতে তুমুল প্রতিযোগিতা হবে। তবে সেই সুযোগ সাধারণ ভোটাররা কতটা পাবেন, সেটাই দেখার বিষয়।’
৯ নম্বর ওয়ার্ডের ভোটার জয়গন বিবি বলেন, ‘উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার জন্য গেছিলাম। কিন্তু কেন্দ্রে যাইয়া হুনি ভোট দেওয়া হইয়া গেছে। এবার কী কইবে, কইতে পারি না।’
আওয়ামী লীগের সমর্থক এক ভোটার মো. গিয়াস উদ্দিন বলেন, ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। তবে এবার ভোট সুষ্ঠু হবে। কিছুটা আতঙ্ক সৃষ্টি করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বিএনপির মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এই এলাকায় বিএনপির ভোটার বেশি। যদি সুষ্ঠু ভোট হয়, তা হলে বিপুল ভোটে বিজয়ী হব। কিন্তু সেই সুযোগ ভোটাররা পাবেন কি না সন্দেহ। এখনই আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীরা মাঠে নামতে সাহস পাচ্ছেন না।’ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মঞ্জুর হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শফিক উজ্জমান বলেন, ‘যদি সুষ্ঠু ভোট না হতো, তা হলে আমার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কী দরকার ছিল। সুষ্ঠু নির্বাচন হবে বলেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। যাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা করছেন, তাঁদের আশঙ্কা অমূলক। আমি পৌরসভার যে উন্নয়ন করেছি, তাতে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’