প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এবার শান্ত’ হতে বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তাই আপনিও তিনবার প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। যেভাবেই হোক, আপনার সে আশা পূরণ হয়েছে। এবার শান্ত হোন।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত ‘প্রহসনের নির্বাচন: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় অলি আহমদ প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান।
অলি আহমদ বলেন, এ সরকারকে অবৈধ বলব না। তবে এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। গায়ের জোরে নির্বাচন করে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, আলোচনায় এসে সবার চাওয়া গ্রহণযোগ্য নির্বাচন করুন। তা না হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না।
এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য কামাল উদ্দিন মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা সৈয়দ জহিরুল হক, বিল্লাল হোসেন প্রমুখ।