'এবারও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাবেই এখনো ৩৭ শতাংশ সড়ক-মহাসড়ক ভাঙা। এসব সড়ক দিয়ে এবারও ঈদে বিভিন্ন গন্তব্যে যাবেন তিন কোটির বেশি লোক। যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত গণপরিবহন নেই।

গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ভোগ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

গোলটেবিল আলোচনায় লিখিত বক্তব্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্ষা মৌসুম ও রাস্তা বেহাল হওয়ায় এবারের ঈদেও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। এবারের ঈদে তিন কোটির বেশি লোক নিজ নিজ গন্তব্যে যাবেন। সে হিসাবে প্রয়োজনের তুলনায় যানবাহন ৩৩ শতাংশ কম। বৃষ্টির কারণে সড়ক ও নৌপথে দুর্ঘটনার আশঙ্কা আছে। তাই ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধ করতে হবে।

গোলটেবিলে বক্তারা বলেন, সড়ক-মহাসড়কে যানজটের ক্ষতি পুষিয়ে নিতে বেপরোয়া গতিতে বাস চালানোর আশঙ্কা আছে। এ ছাড়া যানবাহন পর্যাপ্ত না থাকায় এবারও সড়কে ফিটনেসবিহীন গাড়ি নামবে।

পিএসসির সাবেক চেয়ারম্যান এবং দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা সংগঠন ফুয়ারার সভাপতি ইকরাম আহম্মেদ বলেন, বাংলাদেশে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সড়কপথের ওপর চাপ কমাতে হবে। উন্নত এবং অনেক উন্নয়নশীল দেশে সড়কপথের পাশাপাশি রেলপথ যাতায়াতের আধুনিক মাধ্যম। বাংলাদেশ নদীবহুল দেশ হওয়ায় নৌপথে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করা দরকার।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, ঈদের আগে ও পরে পাঁচ দিন সড়কের ওপর বেশি চাপ পড়ে। এই চাপ সামলানোর জন্য সরকারকে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হোসেন আহম্মেদ মজুমদার বলেন, দেশের সড়কগুলো প্রশস্ত নয়। এসব সড়ক দিয়েই রিকশা, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সিসহ সব ধরনের যানবাহন চলে। এ কারণেও দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ঈদের আগের ও পরের তিন দিন সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি না চালানোর সিদ্ধান্ত নিতে হলে তা সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে আলাপ করেই নিতে হবে।

গোলটেবিল বৈঠকে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদে নিরাপদে বাড়ি যাওয়া নিশ্চিত করতে কয়েকটি সুপারিশ করা হয়। সুপারিশের মধ্যে রয়েছে রেশনিং পদ্ধতিতে ছুটির ব্যবস্থা করা, ক্রাস প্রোগ্রামের মাধ্যমে মহাসড়ক অবৈধ দখল ও পার্কিংমুক্ত করা, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, টোল প্লাজাগুলোর সব বুথ চালু রাখা, দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান ব্যবহার, উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, নছিমন-করিমন বন্ধ রাখা, নৌপথে অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায় বন্ধ করা।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।