'এভাবে চলতে থাকলে আমরা কই যাব'
গুটি কয়েক জঙ্গির কারণে অবিবাহিত (ব্যাচেলর) ছেলেমেয়েরা মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশে অবিবাহিত ভাড়াটেদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন মেসে গভীর রাতে পুলিশি অভিযান চলছে। কোনো কোনো বাড়িওয়ালা বাসা ছাড়ার নোটিশ দিচ্ছেন। আবার কোনো কোনো বাড়িওয়ালা অতিরিক্ত টাকা দাবি করছেন। নতুন করে বাসা ভাড়া নিতে গিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন অবিবাহিত ছেলেমেয়েরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যাচেলররা এ অভিযোগ করেন। ভাড়াটিয়া পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ পরিস্থিতিতে তারা কোথায় যাবে—এটাই তাদের প্রশ্ন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. বাহারানে সুলমান বলেন, ব্যাচেলররা সবদিক দিয়ে আতঙ্কে আছেন। একদিকে প্রশাসন, অন্যদিকে বাড়িওয়ালাদের হয়রানি। রাতে ঘুমোতে যাওয়ার সময় পুলিশের অভিযান চলছে ঢাকার বিভিন্ন মেসে। আবার অনেক বাড়িওয়ালা বাসা ছেড়ে দেওয়ার মৌখিক নোটিশ দিয়েছেন। নতুন বাসা নিতেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, পুরোনো বাসায় বাড়িওয়ালাদের অত্যাচার, এই মাসের শুরুতেই বাসা ছেড়ে দেওয়ার নোটিশ ও পুলিশি হয়রানিতে অবিবাহিতরা দিশেহারা। মেয়েরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুর্শিদুল হক বলেন, তাঁরা পাঁচজন অবিবাহিত ছেলে সবুজবাগের একটি বাসায় থাকেন। গুলশান ও কল্যাণপুরের ঘটনার পর বাড়িওয়ালা মৌখিকভাবে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁদের। তিনি বলেন, ‘নতুন বাসা খুঁজতে গেলে বাড়িওয়ালারা ব্যাচেলর শুনলেই না করেন। যুক্তি দেখাতে গেলে ঝগড়া করেন। কোনো বাড়িওয়ালা রাজি হলেও তিন হাজার টাকার ঘরভাড়া ছয় হাজার টাকা দাবি করেন। এভাবে চলতে থাকলে আমরা কই যাব?’
সংবাদ সম্মেলনে ১১ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত বালিশ নিয়ে ‘প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি’ পালন করার ঘোষণা দিয়েছে ভাড়াটিয়া পরিষদ।