‘এভারেস্ট জয়ে মানসিক শক্তি বেশি জরুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট জয়ের আগে নিশাত ও মুহিতের হাতে যে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল, বিজয়ী হয়ে তাঁরা সেটি প্রত্যর্পণ করলেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, হোসেন জিল্লুর রহমান ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের হাতে পতাকা তুলে দেন দুই পর্বতারোহী। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও দ্বিতীয়বার এভারেস্ট জয়ী এম এ মুহিত চূড়ায় ওঠার অভিজ্ঞতা বর্ণনা করেন। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে নিশাত বলেন, ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এভারেস্ট জয়ে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি জরুরি।’মুহিত বলেন, ‘তরুণদের ধূমপান ও মাদক থেকে ফিরিয়ে আনতে অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যেতে হবে।’মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এ দেশে আরও অনেক মুহিত-নিশাত আছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারাও নিজ নিজ ক্ষেত্রে সফলতা পাবে।’রাশেদা কে চৌধূরী দেশের নারীদের উদ্দেশে বলেন, ‘পুরুষতান্ত্রিক ভাবনা ভেঙে নিশাত এভারেস্ট জয় করে একটা দৃষ্টান্ত স্থাপন করল। নারীরা যে অনেক কিছু করতে পারে, এ আস্থার জায়গাটা এখন আরও বেশি দৃঢ় হলো।’হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল তৈরি হচ্ছে। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে, সফলতার সঙ্গে সঙ্গে আমরা যেন মূল্যবোধকে ধরে রাখি।’ অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল, সৈয়দ মাহমুদুল হক, উলফাত কাদের প্রমুখ।