'এমন উদাহরণ আরও তৈরি হোক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল
সুলতানা কামাল

টাঙ্গাইলের রূপা খাতুন হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আজ সোমবার এ রায়ের পর তিনি বলেছেন, ‘এ ধরনের দৃষ্টান্ত আমরা ঝুলে থাকা আরও মামলার ক্ষেত্রে দেখতে চাই। এর ফলে আইনের শাসনের যে নাজুক পরিস্থিতি, তার উত্তরণে ভূমিকা রাখবে।’

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানা কামাল আজ প্রথম আলোকে বলেন, ‘এ রায়ে প্রমাণ হলো, যদি রাষ্ট্র কোনো অপরাধের বিষয় গুরুত্ব দেয় এবং আন্তরিক হয়, তবে যথাযথ বিচার সম্ভব। এ ধরনের বীভৎস ঘটনা ঘটার পর আমরা মানবাধিকারকর্মীরা সব সময় যৌক্তিক সময়ের মধ্যে সঠিক বিচারের দাবি করি। রূপার ঘটনার ক্ষেত্রে যৌক্তিক সময়ে যথাযথ বিচার হয়েছে। আমি এ রায়ে সন্তুষ্ট। এটি খুব ভালো উদাহরণ তৈরি হলো। তবে এ ধরনের আরও কিছু ঘটনা আছে, সেগুলোর সঠিক বিচারের জন্য আমরা এখনো পথ চেয়ে বসে আছি। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে কুমিল্লার তনু হত্যা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার কথা স্মরণ করতে পারি। দুটি ঘটনার পর দীর্ঘ সময় চলে গেল। কিন্তু আজ পর্যন্ত এসব ঘটনার কোনো সুরাহা আমরা দেখতে পাইনি। আমরা খুশি হব এ ধরনের ঘটনাগুলোর যথাযথ বিচার হলে। আমরা তাই চাই, রূপার হত্যায় যেভাবে রায় হলো, এমন উদাহরণ আরও তৈরি হোক।’

সুলতানা কামাল বলেন, রূপা ধর্ষণ ও হত্যার ঘটনায় যৌক্তিক সময়ে রায়ের এই ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এখন আইনের শাসনের ক্ষেত্রে যে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে এ ঘটনা একটি উদাহরণ।