অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিন উদ্যাপিত
'এমন কোনো গুণ নেই যা তাঁর মধ্যে নেই'

তিনি সজ্জন ও সত্যবাদী। প্রখর স্মৃতিশক্তি তাঁর। অর্থ মন্ত্রণালয় পরিচালনার গুরুদায়িত্ব তিনি যেমন পালন করেন, সমানভাবে অংশ নেন সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের তিনি পুরোধা কর্মী। তিনি মানবিক, কর্মবীর, বাজেট প্রণয়নের অগ্রপথিক, পরিশ্রমী এবং সর্বোপরি চলন্ত ইতিহাস।
রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিনে তাঁকে এভাবেই তুলে ধরলেন সহকর্মী, বন্ধু ও স্বজনেরা। প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমি গতকাল একই অনুষ্ঠানে অর্থমন্ত্রীর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড স্মৃতিময় কর্মজীবন প্রকাশ করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক সচিব এম মোকাম্মেল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘অন্য সবার মতো আবুল মাল আবদুল মুহিতকে আমি কখনোই “মাননীয়” বা “মহোদয়” সম্বোধন করি না। তিনি আমার “শ্রদ্ধেয় মুহিত ভাই”। একজন মানুষ কত বড়, কত জ্ঞানী ও মানবদরদি তা তাঁর বইয়ে উঠে এসেছে।’
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা যাঁরা রাজনীতি করি, অনেক সময় কথা বলতে চাই না। কিন্তু তিনি সত্য কথাটা বলে ফেলেন। এমন কোনো গুণ নেই, যা তাঁর মধ্যে নেই। তাঁর মতো সামাজিক সম্পর্ক বজায় রাখা মানুষ জীবনে আমি কম দেখেছি।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুহিত ভাইয়ের সঙ্গে কথা বলা মানে হচ্ছে ইতিহাসের পৃষ্ঠা ওল্টানো। একজন মানুষ মস্তিষ্কে কীভাবে এত কিছু ধারণ করেন, কীভাবে এত নাম মনে রাখেন, আমি বুঝতে পারি না।’ অর্থমন্ত্রীর দুই দিনের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘তাঁর কথা শুনতাম আর মনে হতো মহাকাব্য পাঠ করছি। আর এত কিছু তিনি করেন যে ভেবে পাই না, এত সময় তিনি পান কই।’
আবুল মাল আবদুল মুহিতকে দেশে ‘বাজেট প্রণয়নের অগ্রপথিক’ বলে মন্তব্য করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের দুজনেরই কর্মজীবন প্রায় সমান। একই ক্লাসের ছাত্রও ছিলাম। অবশ্য অসুস্থ থাকায় তাঁর এক বছর পরে আমি সম্মান পরীক্ষা পাস করি।’ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুহিতের উদ্যম আরও বাড়ছে বলে মনে করেন সাইদুজ্জামান।
সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, ‘বিশ্বে খুব কম মন্ত্রীই আছেন, যিনি ৩৩টি বই লিখেছেন। তিনি রাগ করলে কষ্ট পাই। কিন্তু তাঁর নির্মল হাসি সব দূর করে দেয়। তাঁর সাহচর্য যেকোনো মানুষের কাম্য হতে পারে।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন অর্থমন্ত্রীর স্মৃতিময় কর্মজীবন বইটি নিয়ে। তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত লেখক হিসেবে সাহিত্যের জায়গা থেকে আলোকিত করছেন, সাহিত্যের জায়গাটি সমৃদ্ধ করছেন—এটাই বড় পাওয়া। পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞানের দিক থেকে বইটি গুরুত্বপূর্ণ। কারণ, বইয়ে তিনি পারিপার্শ্বিক জীবন ও সময়কে ধরেছেন।
যাঁকে ঘিরে এত আয়োজন, তিনি অবশ্য তেমন কোনো কথা বলেননি অনুষ্ঠানে। শেষের দিকে আবদুল মুহিত শুধু বলেন, ‘আমার কিছু বলার নেই। এখনো কাজ করে যাচ্ছি, শক্ত-সমর্থ আছি। তবে আজ আমার বন্ধুরা যা বলল, এককথায় আমি অভিভূত। যত্নশীল প্রকাশক চন্দ্রাবতী একাডেমি একটি নির্ভুল বই বের করেছে বলে আমি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিশুসাহিত্যিক ফারুক হোসেন ও আবৃত্তিকার রূপা চক্রবর্তী। সবশেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।