'এমন গণতন্ত্রের ডেফিনেশন জানা নাই'

রাজধানীর পল্টন মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জামালউদ্দিন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘আমাদের ট্যাক্সের টাকায় তারা চলে। কিন্তু আমাদের কোনো “ভয়েস” নেই। আমরা আসলে এদের কাছে জিম্মি হয়ে গেছি।’
আজ সোমবার সকালে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে আজ বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গণপরিবহনের সংকটের জন্য তাঁদের ক্ষোভ ছিল চোখে পড়ার মতো। কয়েকটি জায়গায় খোলা হয়নি দোকানপাটও। আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, গুলিস্তান, পল্টন, মতিঝিল ও শাহবাগ এলাকায় মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
সকাল নয়টায় দৈনিক বাংলা এলাকায় দাঁড়িয়েছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানালেন, বাস পাওয়া যায়নি বলে সকালে চারজন মিলে এক রিকশায় খিলগাঁও থেকে এসেছেন। আরও বললেন, ‘এভাবে দেশ চলতে পারে না। সরকার-বিরোধী দল মিলে আলোচনায় বসে দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত।’
দৈনিক বাংলা মোড়েই দাঁড়িয়ে থাকা রিকশাচালক মোমিন মিয়া বললেন একটু ভিন্ন কথা। তিনি জানালেন, আজকের পরিস্থিতি নিয়ে তাঁর মনে কোনো আতঙ্ক নেই। আরও বললেন, ‘হরতাল হলে ঢাকা শহরে বুক ফুলাইয়া চলা যায়। শুধু র্যাব আর পুলিশ, আবার বিজিবিও আছে। ভয় কিসের?’
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল অনেক বেশি। ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সভা করতেও দেখা গেছে।
আজ সকাল থেকেই পল্টন থেকে মতিঝিল এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ পাওয়া গেছে। মতিঝিল এলাকার আবাসিক রেস্টুরেন্টগুলোও বন্ধ দেখা গেছে। বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের হকাররাও ভয়ে দোকান খোলেননি বলে জানিয়েছেন। তাঁদের একজন মো. মনির বললেন, ‘গ্যাঞ্জাম হইলে আমাদের ব্যবসা-বাণিজ্যের অসুবিধা। কিন্তু কী করমু? কী করার আছে? দেশ যেমনে চলে এমনেই চলতে হবে।’
পল্টন এলাকার একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা মামুন ইসলাম ডেমরা থেকে হেঁটে, রিকশায় অফিস পর্যন্ত এসেছেন। তিনি বললেন, ‘সরকার যেহেতু হরতাল করছে, আমাদের ছুটি দিয়ে দিলেও পারত। নিরাপত্তার নামে গাড়ি বন্ধ করে দিছে, কিন্তু যাদের অফিসে না এসে উপায় নেই, তাদের নিরাপত্তার কী হবে?’
নাম প্রকাশ না করার শর্তে ফার্মগেট এলাকার এক পথচারী বললেন, ‘ভালো তো, গণতন্ত্রের বিজয় উদযাপন করছি। এই গণতন্ত্র একজন মানুষের, এই গণতন্ত্রের “ডেফিনেশন” জানা নাই।’ নাম জানতে চাইলে, ‘না, বলব না। নাম বলে কোন বিপদে পড়ি, তারও ঠিক নাই।’