‘এমন বই চাই, যা দেখলে পড়তে মন চায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেমন বই চাই’—এমন প্রশ্নের জবাবে কারও উত্তর, সহজে বোঝার জন্য ‘বইয়ে বেশি বেশি ছবি চাই’। কারও বক্তব্য, ‘এমন বই চাই, যা দেখলে পড়তে মন চায়।’ আবার কারও মতামত, ‘ভালো মলাটযুক্ত বই চাই, যাতে বৃষ্টিতে না ভিজে।’ নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে পাঠ্যপুস্তক বিষয়ে শিক্ষার্থীদের মতামত সংগ্রহে গতকাল রোববার সিলেট শহরতলির সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গ্রামের শিক্ষার্থীদের নিয়ে ‘কেমন বই চাই’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযান ও বেসরকারি সংস্থা এফআইভিডিবি আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহমঞ্চদ জাফর ইকবাল, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী তাদের ভাবনা তুলে ধরে। দুটি অধিবেশনে ভাগ করে এই অনুষ্ঠান চলে। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন ছিল শিক্ষার্থী পর্ব। বিনা মূল্যে সরকারি পাঠ্যপুস্তক পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এরপর বিকেলে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এটি ছিল আলোচনা সভা। সভায় শিক্ষার্থীদের মতামত তুলে ধরে মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন সালাউদ্দিন সরকার ও সামিরা জামান।রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা এবার এই খুদে শিক্ষার্থীদের কথা শোনাতে নয়, তাদের কথা মন দিয়ে শুনতে এসেছি। প্রতিবছর বিনা মূল্যে বই দেওয়া হয়। কিন্তু কেমন বই তারা চায়, তা শিক্ষার্থীদের কাছে কখনো জানতে চাই না। যারা পড়বে, তাদের বই কেমন হবে—এ বিষয়ে জানতেই “কেমন বই চাই” কর্মসূচির শুরু। এখান থেকে যেসব মতামত আসবে, সেগুলো পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা থাকবে আমাদের।’মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, মন দিয়ে বই পড়তে হবে। মুখস্থ করে পরীক্ষা দেওয়া আর গাইড বা নোট পড়া—এ দিন ফুরিয়ে গেছে। নতুন একটি শিক্ষানীতি হচ্ছে। এখন পরীক্ষায় মুখস্থ করে গেলে কোনো লাভ হয় না।বিনা মূল্যে পাঠ্যপুস্তক প্রদান সরকারের একটি অসাধারণ উদ্যোগ উল্লেখ করে জাফর ইকবাল বলেন, বাংলাদেশে প্রতিবছর ২৪ কোটি বই বিনা মূল্যে দেওয়া হয়।...এত বড় একটা ভালো কাজ করেছে সরকার, এ জন্য মন দিয়ে বই পড়তে হবে, বই হতে হবে মনের মতো। গণিত অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াড ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধাবী করে তুলছে মন্তব্য করে জাফর ইকবাল বলেন, এসব অলিম্পিয়াডে শুধু শহরের নয়, গ্রামের শিক্ষার্থীদেরও প্রয়োজন।নিশাত মজুমদার বলেন, ‘আমাদের গ্রাম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা এত প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে, যা এভারেস্ট জয়ের চেয়ে কম নয়। পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের মনের চাওয়া পূরণ হলে শিক্ষার উন্নয়ন হবে।’ এম এ মুহিত বলেন, ‘মানুষের আচার-ব্যবহারগুলো অনুশীলনের ব্যাপার। পাঠ্যবইয়ে এসব আচার-ব্যবহার ঢোকাতে হবে। ভালো আচরণ যাতে ছোট থাকতেই শেখা যায়।’ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ।