'এমন বাংলাদেশের জন্য কাজী নূর-উজ্জামান যুদ্ধ করেননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের বাংলাদেশে যেভাবে লুটেরারা কোটিপতি হচ্ছে, এমন বাংলাদেশের জন্য কাজী নূর-উজ্জামান যুদ্ধ করেননি। তিনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন ও মানুষের ক্ষমতায়নের জন্য যুদ্ধ করেছেন। বর্তমানে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বাণিজ্য হচ্ছে।
রাজধানীর রেডিয়াস সেন্টারে মুক্তিযোদ্ধা কাজী নূর-উজ্জামানের নির্বাচিত রচনা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে গতকাল িবশিষ্টজনেরা এ কথা বলেন৷ কাজী নূর-উজ্জামান মুক্তিযুদ্ধকালে ৭ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন৷
অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘আমরা এখন যে বাংলাদেশে আছি, এই দেশের জন্য কেউ লড়াই করেনি। আমরা বাংলাদেশ নামের রাষ্ট্র পেয়েছি, তবে এখানে কোটি টাকায় র্যাব-পুলিশ মিলে মানুষ খুন করে। দেশে লুণ্ঠন ও পাচার চলে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে যাঁরা পৌঁছাতে চান, তাঁদের জন্য অপরিহার্য গ্রন্থ কাজী নূর-উজ্জামানের নির্বাচিত রচনা। তিনি রাষ্ট্রের দেওয়া বীর উত্তম খেতাব ফিরিয়ে দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের কৃতিত্ব যে জনগণের, তা প্রতিষ্ঠার জন্য।’
নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক মনসুর মুসা, চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন৷
কাজী নূর-উজ্জামানের নির্বাচিত রচনা প্রকাশ করেছে সংহতি প্রকাশন৷