‘এমন সাজা দ্যান যাতে ভালো হয়ে ফিরে আসে’
‘গরিব ঘরের মেয়ে। বিয়ে হয়েছিল অল্প বয়সে। স্বামী ছিল খুব পরিশ্রমী। সংসারে অভাব ছিল না। বিয়ের ২৪ বছরে ছেলেমেয়ে বড় হয়ে গেছে। এখন তিনি মাদক সেবন ও বিক্রিতে জড়িয়ে পড়েছেন। অনেক বুঝিয়েও কাজ হয়নি। স্যার, মানুষটাকে এমন সাজা দ্যান, যাতে ভালো হয়ে ফিরে আসে।’এভাবেই ভ্রাম্যমাণ আদালতে স্বামীর বিচার চাইলেন স্ত্রী সাগরী (৪০)। নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে সাগরীর বাস। স্বামী শেখ ফরিদ (৫০) মাদক সেবন করতে গিয়ে পুঁজি হারিয়ে দুই বছর ধরে এলাকায় গাঁজা বিক্রি ও সেবন করেন। এতে অতিষ্ঠ পরিবারসহ গ্রামের মানুষ। বাধ্য হয়ে গত রোববার সকালে সাত পুরিয়া গাঁজাসহ ফরিদকে পুলিশে দেন স্ত্রী সাগরী। তাঁকে সহায়তা করেন ছেলে শাকিল ও তার চাচা রফিকুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন ফরিদকে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।পুলিশ গতকালই তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠায়। পুলিশ যখন হাতকড়া পরিয়ে ফরিদকে আদালতে পাঠাচ্ছিল, তখন সাগরীর দুচোখ বেয়ে পানি ঝরছিল। বাস ছেড়ে যাওয়ার পরও তাকিয়ে ছিলেন দৃষ্টির সীমানায়।