'এমন স্বপ্ন দেখবে, যেন নাগালের মধ্যে থাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) শিক্ষার্থীদের বাস্তবসম্মত স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা স্বপ্ন দেখবে, কাজ করে যাবে। এমন স্বপ্ন দেখবে, যেন নাগালের মধ্যে থাকে। নইলে হোঁচট খেতে হতে পারে।’
গতকাল শুক্রবার সকালে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের বিবেকানন্দ বিদ্যার্থীভবনের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এস কে সিনহা এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘তোমরা যদি প্রত্যাশা করো, বারবার চেষ্টা করো, তাহলে অবশ্যই একদিন না একদিন প্রত্যাশা পূরণ হবে। প্রত্যাশা করার সময় চিন্তায়, চেতনায়, মননে কোনো পাপ রাখা যাবে না। যে পেশাতেই যাও, তা হতে হবে মানবকল্যাণে, সমাজসেবামূলক।’
নিজের জীবনের লক্ষ্য বর্ণনা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি কোনো দিন স্বপ্ন দেখিনি যে একজন বিচারক হব। আমার স্বপ্ন ছিল, একজন প্রখ্যাত আইনজীবী হব।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি হওয়ার জন্য আমি কাউকে অনুরোধ করিনি, পুণ্য ধামে দাঁড়িয়ে বলছি। অটোমেটিক্যালি আমার কাছে প্রস্তাব এসেছে।’
প্রদীপ জ্বালিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী অমেয়ানন্দজী মহারাজ। সভাপতিত্ব করেন ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নটর ডেম ইউনিভার্সিটির উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা। স্বাগত বক্তব্য দেন বিবেকানন্দ বিদ্যার্থীভবনের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজল দেবনাথ। অনুষ্ঠানে ২০১ জন প্রাক্তন ছাত্র অংশ নেন।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি স্বামী বিবেকানন্দের আদর্শ তুলে ধরে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, বিবেকানন্দ একজন ভবিষ্যৎ ভ্রষ্টা ও আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। আজ সারা পৃথিবীতে ধর্ম নিয়ে যে সংঘাতময় বাড়াবাড়ি, সন্ত্রাস চলছে, ১২০ বছর আগে স্বামীজি এর বিরুদ্ধে কথা বলেছিলেন।
উৎসবের দ্বিতীয় অধিবেশনে প্রাক্তন ছাত্ররা তাঁদের ছাত্রাবস্থার দিনগুলোর স্মৃতিচারণা করেন। বিকেলে স্বামী বিবেকানন্দের বিশ্ব ভাবনা বিষয়ে আলোচনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।