পাবনা শহর থেকে ভাঙ্গুড়া যাওয়ার পথে দুপুরে আমরা খেতে গিয়েছিলাম চাটমোহরের তাজ হোটেলে। এলাকায় ভোট হচ্ছে। কিন্তু তার কোনো উত্তাপ নেই। ‘কেউ ভোট চাইতে আসেনি?’ জবাবে হোটেলের মালিক প্রবীণ আবদুল করিম বলেন, ‘এমনি এমনি ভোট হয়ে যাচ্ছে। চাওয়ার কী দরকার। আমার হেটেলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ খাতি আসে। খেইয়ে বিল দিয়ে চলে যায়। ভোট চায় না।’
মোটামুটি এ রকমই প্রতিক্রিয়া দেখা গেল গতকাল শুক্রবার জাতীয় সংসদের পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের ভোটারদের। তবে এখানকার আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ মকবুল হোসেনের বিরুদ্ধে প্রশাসনে প্রভাব বিস্তার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি আওয়ামী লীগের চাটমোহর থানা কমিটির সহসভাপতি ছিলেন। দলের মনোনয়ন চেয়ে পাননি। এ ছাড়া মহাজোটের শরিক গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুল আলম পায়রা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদে পাবনার পাঁচটি আসনের মধ্যে ভোট গ্রহণ হচ্ছে দুটি আসনে। অপর আসনটি হলো পাবনা-১ (বেড়া-সাঁথিয়া)। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) আরাফাত ইয়াসিন এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ।
নির্বাচনী বিধিমালা অনুসারে, গতকাল সকাল আটটা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ। তাই পরিবেশ শান্তই দেখা গেল। অবশ্য প্রচারাভিযানে সরগরম পরিস্থিতি এখানে হয়নি। কেবল মাইকে প্রচার ছাড়া নির্বাচনী মিছিল বা সভা-সমাবেশ করেননি প্রার্থীরা। ভোট চেয়েছেন গণসংযোগ করে। ভোটের পোস্টারও দেখা গেছে খুব কম। বাজার এলাকাগুলোতে পথের ওপর দড়িতে ঝোলানো নৌকার কিছু পোস্টার দেখা গেছে। বাকি প্রার্থীদের পোস্টার বলতে গেলে চোখেই পড়েনি।
নির্বাচনী পোস্টারের বদলে চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর তিন উপজেলা প্রায় ছেয়ে আছে বহুরঙা পোস্টারে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশী বড়-মাঝারি-ছোট নেতারা এসব নানা আকারের রঙিন পোস্টার সেঁটে, ডিজিটাল ব্যানার টাঙিয়ে ‘ঈদ মোবারক’, ‘প্রাণঢালা শুভেচ্ছা’ জানিয়েছিলেন এলাকাবাসীকে। এখন যদিও এসবের ওপর ধুলোর পুরু স্তর জমেছে, তবু এ বিপুল সংখ্যার রঙিন পোস্টার ও ব্যানার প্রমাণ দিচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাঁদের মনে কতটা আশা আর উদ্দীপনার সঞ্চার হয়েছিল। এখন একতরফা নির্বাচনের সামান্যসংখ্যক ম্যাড়মেড়ে সাদাকালো পোস্টার এসবের আড়ালেই রয়ে গেছে।
ভাঙ্গুড়াতেও জনসাধারণের মধ্যে ভোট নিয়ে তেমন আগ্রহ দেখা গেল না। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁদের একজন ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ সারুকিয়া মহল্লার জাকারিয়া কল্লোল বললেন, ‘ভোট যেহেতু হচ্ছেই, তাই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে ভোট দিতে যাব।’ নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে তাঁর কিছুটা সংশয় আছে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রবল সন্দেহ রয়েছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদেরও। তিনি বলেন, ‘ভোট কেড়ে নেওয়া হবে এমন অনেক আলামত পাচ্ছি। আওয়ামী লীগের প্রার্থীকে প্রশাসন এখনো ক্ষমতাসীন সাংসদ বলে ভাবছে। তিনিও নানাভাবে প্রশাসনকে প্রভাবিত করছেন। আমার নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছেন।’ এ বিষয়ে তিনি আজ শনিবার রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। তাঁর বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন।
অবশ্য আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন দাবি করেন, তিনি মোটেই প্রশাসনকে প্রভাবিত করছেন না। তিনি বা তাঁর লোক কাউকে ভয়ভীতিও দেখাননি। প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ তাঁর অত্যন্ত স্নেহভাজন। কালাম দীর্ঘদিন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছিলেন। দেশে এসেছেন নির্বাচন করার জন্য।
দলের অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও মকবুল হোসেনকে ভোট করতে হচ্ছে। কারণ তাঁর মতে, ‘যার কপালে যা আছে তা খণ্ডানো যায় না।’ ভোট সুষ্ঠু হবে এবং তিনি জয়ী হবেন বলে আশাবাদী।
অবশ্য নির্বাচন নিয়ে এলাকাবাসীর মধ্যে তেমন ভয়-শঙ্কা নেই। চাটমোহরের নতুন বাজার এলাকার মনমোহন মিষ্টান্ন ভান্ডারের মালিক খোকন সরকার বললেন, ভোট দেওয়া বা না দেওয়ার বিষয়ে তাঁদের কেউ ভয়ভীতি দেখায়নি। নতুন ও পুরোনো বাজার এলাকা হিন্দুপ্রধান। এ ছাড়া পাশেই উথুলীতে আছে খ্রিষ্টানদের বসতি। এসব এলাকার সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা চাপ আসেনি। তিনি জানালেন, কোনো ভোটের মিছিলও তাঁর চোখে পড়েনি। নির্বাচনের তৃতীয় প্রতিদ্বন্দ্বীকে চোখের দেখাও দেখেননি।
তৃতীয় প্রতিদ্বন্দ্বী হলেন গণতন্ত্রী পার্টির খায়রুল আলম। ‘তাঁদের দলের আর কেউ নির্বাচনে অংশ না নিলেও তিনি কেন ভোটে দাঁড়ালেন?’ বললেন, এখানে অনেক সামাজিক সমস্যা আছে। আগের বার ভোটে জিতেও এসব নিয়ে কোনো কাজ করেননি আওয়ামী লীগের প্রার্থী। সে কারণে তিনি নির্বাচন করছেন।
নির্বাচন প্রতিরোধের ডাক দেওয়া বিরোধী দলের পক্ষ থেকে জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করার কাজ চলছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, জেলা কমিটির পক্ষ থেকে পাবনার দুটি নির্বাচনী এলাকার উপজেলা কমিটিগুলোকে শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী সামগ্রী গত বৃহস্পতিবারই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে, আজ ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। ভোট শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।