
ফেনী জেলার তিন পৌরসভায় ভোটের আগেই ৯০ শতাংশের বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে নতুন নজির তৈরি করেছেন। বিজয়ী প্রার্থীদের সবাই সরকারি দলের নেতা-কর্মী। ‘ফেনী স্টাইলের’ এই নির্বাচনে প্রকাশ্যে কোনো ধরনের মহড়া দেখা না গেলেও ‘এমপি সাব’-এর ইশারায় সবকিছু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।
হুমকি-ধমকি, মামলার ভয় ও চাপে ফেলে নির্বাচন থেকে দূরে রাখার অভিযোগ প্রার্থীদের কাছ থেকে এলেও নির্বাচন কমিশন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁরা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি। আর ‘এমপি সাব’ হলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি তাঁর বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ফেনীর তিনটি পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের মধ্যে অন্তত ১৫ জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁদের সবার অভিযোগ, মনোনয়নপত্র দাখিলের আগের রাতেই তাঁদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়। ‘কিছু যুবক’ মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে বলে জানালেও তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি নন তাঁরা। তবে তাঁরা বললেন, এর আগেই ‘এমপি সাব’ তাঁদের টেলিফোনে মনোনয়নপত্র জমা না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এরপরও যে কয়েকজন সব বাধা এড়িয়ে মনোনয়নপত্র জমা দিতে পেরেছিলেন, তাঁদের কারও কারও মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে। এ ক্ষেত্রেও ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ওই সব প্রার্থী। শেষ পর্যন্ত যে কজন প্রার্থী নির্বাচনে থাকতে পেরেছেন, তাঁরা এখন মাঠে নামতে পারছেন না।
ফেনীর তিন পৌরসভার মধ্যে দুটির মেয়র এবং ৪৮ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে ৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ফেনীর পরশুরাম পৌরসভায় কোনো নির্বাচন হচ্ছে না। কারণ, মেয়র ও ১২ কাউন্সিলরের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফেনী পৌরসভায় মেয়র ও ২৩ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে একটি ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন হবে। দাগনভূঞা পৌরসভায় মেয়র পদে নির্বাচন হবে। আর কাউন্সিলদের মধ্যে নয়জন নির্বাচিত হয়ে গেছেন। বাকি তিনজন কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট হবে। সব মিলিয়ে তিন পৌরসভায় একজন মেয়র ও চারজন কাউন্সিলর পদে নির্বাচন হবে।
দাগনভূঞা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই বাড়িছাড়া। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নানা ধরনের চাপে ছিলেন জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরো সপ্তাহ আমাকে এলাকাছাড়া হয়ে থাকতে হয়েছে।’ নির্বাচনী প্রচারের জন্য এলাকায় আসতে চান জানিয়ে তিনি টেলিফোনে বলেন, ‘আমি নির্বাচনী লড়াইয়ে এখনো আছি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ে মাঠে নামতে পারছি না।’ এই পৌরসভায় তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ওমর ফারুক খান।
ফেনী-১ (পরশুরাম) আসনের সাংসদ জাসদের নেতা শিরীন আখতার প্রথম আলোকে বলেন, নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিপক্ষ থাকা ভালো। সে জন্য নির্বাচন-প্রক্রিয়াকে শক্তিশালী ও উৎসাহিত করা উচিত। এ ক্ষেত্রে রাজনৈতিক চর্চা ও সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এই নির্বাচনকে ‘আওয়ামী লীগের প্রতি ব্যাপক জন-আস্থার প্রতিফলন’ বলে মনে করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তাঁর ভাষায়, ‘নির্বাচনের আগেই ফেনীতে বিপুলসংখ্যক প্রার্থীর বিজয় সরকারের প্রতি জনগণের আস্থার প্রকাশ। ফেনীর মেয়ে খালেদা জিয়া ১০ বছর প্রধানমন্ত্রী থাকাকালে ফেনীর উন্নয়নে কোনো কাজ করেননি। কিন্তু শেখ হাসিনার উন্নয়নের কারণে খালেদা জিয়ার দুর্গ এখন শেখ হাসিনার দুর্গে পরিণত হয়েছে। ভবিষ্যতে এটা ভাঙা অন্যদের জন্য কঠিন হবে।’
তবে ফেনীর সাধারণ লোকজন এই নির্বাচন নিয়ে তাঁদের হতাশার কথাই জানালেন। একাধিক রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি প্রথম আলোকে বলেন, এর মাধ্যমে এলাকার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।
একজন প্রবীণ নেতা বলেন, ১৯৯৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা জয়নাল হাজারী প্রকাশ্য জনসভায় জেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে ৪০টিতে নিজেদের প্রার্থী জিতবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী সময়ে নির্বাচনে প্রভাব খাটিয়ে ওই সব প্রার্থীকে তিনি জিতিয়েও আনেন। সেবার প্রভাব খাটালেও নির্বাচনটা অন্তত হয়েছিল। কিন্তু এবার তাও হলো না।
ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন দেলোয়ার হোসেন ওরফে বাবুল। মনোনয়নপত্র দাখিলের আগের দিন ২ ডিসেম্বর সন্ধ্যায় একদল তরুণ তাঁর কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগটুকু করলেও ওই সব তরুণ ও তাদের পেছনের নেতার বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। তাঁর বক্তব্য, ‘আমাকে তো এলাকায় থাকতে হবে। কিছু হয়ে গেলে কার কাছে অভিযোগ করব, প্রতিকার চাইব?’
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরও একই ধরনের অভিযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের বেশ আগে থেকেই ছকমতো সরকারি দলের লোকজন আমাদের প্রার্থীদের হুমকি দিয়েছে। সে কারণে আমাদের দলের প্রথম সারির যেসব নেতার প্রার্থী হওয়ার কথা ছিল, কেউই প্রার্থী হতে চাননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা ও কর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও টিকতে পারেননি।’
কার কাছ থেকে হুমকি এসেছে বা কারা এসব করেছে—জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘কারা এটা করছে, ফেনীবাসী সব জানেন। বিস্তারিত বলা সম্ভব না। আমার বাসায়ও সম্প্রতি একদল তরুণ তালা লাগিয়ে দিয়ে গেছে। পরিস্থিতি তো বুঝতেই পারছেন।’
তবে জেলায় বিএনপির বর্তমান নেতৃত্ব ‘এমপি সাব’-এর সঙ্গে যোগাযোগ রেখেই দলের কর্মকাণ্ড চালান বলে অভিযোগ করেছেন কয়েকজন নেতা-কর্মী। ফেনী ও পরশুরামে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এ অভিযোগ আরও সামনে এসেছে। বিএনপির নেতা-কর্মীদের একটি অংশের অভিযোগ, বাতিল হওয়ার মতো করে মনোনয়নপত্র জমা দেওয়াতেই সেগুলো বাতিল হয়েছে। কয়েকজন তো বলছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে দলের দায়িত্বপ্রাপ্ত জেলার নেতারা আঁতাতের অভিযোগ অস্বীকার করেন। অবশ্য কেউ কেউ বলছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। ‘এমপি সাব’-এর বিরুদ্ধে গিয়ে তাঁরা কেউ ফেনীতে থাকতে পারবেন না। ব্যবসা-বাণিজ্য বা রাজনৈতিক কর্মকাণ্ড—কোনোটিই করতে পারবেন না।
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক সাংসদ জয়নাল আবেদিনও (ভিপি জয়নাল) দলের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী মনোনয়নের বিষয়ে দলীয় কোনো এখতিয়ার আমার নেই। সে কারণে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
তবে সাংসদ নিজাম হাজারী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর নামে প্রার্থীদের টেলিফোন করে নির্বাচন না করার পরামর্শ দেওয়ার অভিযোগের বিষয়ে জানালে তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা। এমনকি কোথাও আমাদের দলের নেতা-কর্মীরা কাউকে বাধা দিচ্ছে না, কিংবা চাপ সৃষ্টি করছে না। ওনারা এসব বিষয় মিডিয়াকে না বলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা নির্বাচন কমিশনে কেন বলছেন না?’