'এমপি স্যারের অনুমতি ছাড়া তথ্য দেওয়া সম্ভব নয়'
‘এমপি স্যারের (সাংসদ) অনুমতি ছাড়া আমার পক্ষে তথ্য দেওয়া সম্ভব নয়। আমি ফাইল নোট দিয়ে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ম্যাডামের মাধ্যমে এমপি স্যারের কাছে পাঠিয়েছি। অনুমতি মিললেই আপনাকে তথ্য দেওয়া যাবে।’ তথ্য চেয়ে আবেদন করার পর দুই মাস ধরে একই কথা বলে যাচ্ছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন।
পিআইওর ওই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার বলেন, ‘তথ্য অধিকার আইন অনুযায়ী কেউ যদি তথ্য চায়, পিআইও দিতে বাধ্য। তথ্য প্রদানে আমি পিআইওকে বারণ করিনি।’
দামুড়হুদা উপজেলায় ২০১২-১৩ অর্থবছরের জুন মাসে বাস্তবায়িত বিশেষ টেস্ট রিলিফ (টিআর) তৃতীয় পর্যায়ের প্রকল্পগুলোর নাম, বরাদ্দের পরিমাণ ও প্রকল্প সভাপতিদের নাম জানতে চেয়ে গত ২ জুলাই পিআইওর কাছে তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে আবেদন করেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। কিন্তু গত দুই মাসেও এই দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তথ্যের জন্য বারবার ওই দপ্তরে গিয়ে ফিরতে হয়েছে শূন্য হাতে। তথ্য চেয়ে আবেদন করার ১৫ দিনের মধ্যে তথ্য সরবরাহ না করায় গত ২১ জুলাই পিআইওর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দপ্তরপ্রধান হলেও লিখিত অনুমতি ছাড়া তথ্য না দিতে আমার ওপর সাংসদের অলিখিত চাপ আছে। যেহেতু বিশেষ টেস্ট রিলিফ এমপি স্যারের নিজস্ব প্রকল্প; তাই এমপি স্যার বলেছেন, তাঁর অনুমতি ছাড়া কাউকে যেন কোনো তথ্য না দিই।’ এই বক্তব্য লিখিত আকারে চাইলে পিআইও আবেদনপত্রের ছায়ালিপির ওপর লিখে দেন, ‘মাননীয় সংসদ সদস্য মহোদয় বিদেশে অবস্থান করায় উনার পক্ষে কোনো সিদ্ধান্ত পাইনি। সম্প্রতি উনি দেশে ফিরেছেন। এখন উনার অনুমতি সাপেক্ষে খুব শীঘ্রই তালিকা দিতে পারব আশা করি।’ ২১ জুলাইয়ের পর তথ্যের জন্য একাধিকবার পিআইওর দপ্তরে গেলেও একই রকম বক্তব্য শুনে ফিরে আসতে হয়েছে।
সর্বশেষ ২৯ আগস্ট পিআইওর দপ্তরে গিয়ে তথ্যের জন্য তাগাদা দিলে পিআইও জানান, সাংসদের লিখিত অনুমতি এখনো পাননি। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি-বেসরকারি দপ্তর থেকে একজন নাগরিকের যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার আছে এবং আবেদনকারীকে তথ্য দেওয়া বাধ্যতামূলক—বিষয়টি এদিন তাঁকে সঞ্চরণ করিয়ে দিলে পিআইও বলেন, ‘সব আইনই আমার জানা আছে, তবে মানা খুবই কষ্টকর। সাংসদের লিখিত অনুমতি না পাওয়া পর্যন্ত আমি তথ্য দিতে পারব না।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া আফরিন বলেন, ‘আপনার আবেদনপত্র পেয়ে তথ্য দেওয়ার বিষয়ে সাংসদের কাছে নির্দেশনা চেয়ে ২ জুলাই লিখিত জানানো হয়। লিখিত পত্রের কোনো জবাব পাওয়া যায়নি। তবে পিআইওকে তথ্য অধিকার আইন মেনে আপনাকে তথ্য সরবরাহের জন্য আমি অনেক আগেই বলে দিয়েছি।’