ভারতের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় গত জুন মাসে চট্টগ্রাম-কলকাতা নৌপথে পণ্য পরিবহন শুরু করে ‘এমভি রোদেলা’। কিন্তু চুক্তির আওতায় এসওপি (পরিচালনপদ্ধতি) ঠিক না হওয়া এবং পর্যাপ্ত আমদানি-রপ্তানি পণ্য না পাওয়ায় এই নৌপথে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
গত ৬ জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হয়। পরদিন চুক্তির আওতায় চলাচলযোগ্য প্রথম জাহাজ হিসেবে অনুমোদন পায় চট্টগ্রামের প্রান্তিক গ্রুপের জাহাজ ‘এমভি রোদেলা’। এ পর্যন্ত জাহাজটি দিয়ে নয়বারে ১ হাজার ২০০ কনটেইনার পণ্য আনা-নেওয়া হয়েছে।
জাহাজ প্রত্যাহারের কারণ জানতে চাইলে প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘চুক্তি হলেও এসওপি ঠিক করা হয়নি। উপকূল ঘেঁষে এমভি রোদেলা চলাচল করলেও মাশুল দিতে হচ্ছে সমুদ্রগামী জাহাজের সমপরিমাণ। এতে খরচ বেশি পড়ছে। আবার জাহাজটির ধারণক্ষমতার ৩০ থেকে ৪০ শতাংশের বেশি পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে এই নৌপথে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
আন্তর্জাতিক নিয়মানুযায়ী, সমুদ্রগামী জাহাজ চলাচলে বন্দরের নির্ধারিত মাশুল পরিশোধ করতে হয়। নির্দিষ্ট মানদণ্ড মেনে জাহাজের নাবিক নিয়োগ করতে হয়। অন্যদিকে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় বন্দরের মাশুলে ছাড় পাওয়া যায়। আবার সমুদ্রপথের পরিবর্তে উপকূলীয় এলাকায় চলাচলের জন্য জাহাজে নাবিক নিয়োগেও শিথিলতা রয়েছে। কিন্তু এসব সুবিধা পাওয়ার জন্য চুক্তির পরিচালনপদ্ধতি (এসওপি) এখনো ঠিক হয়নি। ফলে চুক্তি হলেও চুক্তির আওতায় থাকা জাহাজও এসব সুবিধা পাচ্ছে না।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ থেকে এসওপি চূড়ান্ত করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এসওপি না হওয়ায় ‘এমভি রোদেলা’ জাহাজটি মাশুলসহ নানা খাতে ছাড় পাচ্ছে না। ফলে খরচ বেশি পড়ছে। তবে এসওপি হলে জাহাজ পরিচালন খরচ কমবে।’ তিনি বলেন, এমভি রোদেলা ছাড়া নতুন করে কোনো জাহাজ ওই নৌপথে চলাচলের জন্য অনুমোদন নিতে আবেদন করেনি। তবে চট্টগ্রাম-পানগাঁও রুটে যেসব জাহাজ চলাচল করবে সেগুলোও উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় অনুমোদন পাওয়ার যোগ্য।