'এর শেষ কোথায়?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। সে যা চেয়েছে তা-ই দিয়েছি। বলত, “বাবা, পড়াশোনা শেষ করে আমি অনেক বড় চাকরি পাব।” পড়াশোনায়ও সে অনেক মেধাবী ছিল। আজ আমার সব শেষ। কী নিয়ে বাঁচব আমি।’

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রোসনা আফরোজকে (২৩) হারিয়ে বাবা আবদুর রউফ শাহ মাঝেমধ্যে বিড়বিড় করে এসব কথা বলছেন। গতকাল শুক্রবার রোসনা আফরোজদের রংপুরের বদরগঞ্জ পৌর শহরের স্টেশন সড়কের বাসভবনে গিয়ে দেখা যায়, মা সামসুন্নাহার কারও সঙ্গেই ঠিকমতো কথা বলছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোসনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। থাকতেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। ওই বিশ্ববিদ্যালয় থেকে গত বছর তিনি কীটতত্ত্ব বিভাগে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। এরপর ওই বিশ্ববিদ্যালয়েই পিএইচডি অধ্যয়ন করছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রোসনা আফরোজ রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সায়েন্স ল্যাবরেটরিতে যাচ্ছিলেন। পথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রের সামনে তাঁকে বহনকারী রিকশাটিকে পেছন থেকে একটি অজ্ঞাতনামা বাস ধাক্কা দেয়। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান তিনি। এরপর উপস্থিত লোকজন তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। পরে বুধবার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোসনা আফরোজের মামা আমিনার রহমান বলেন, ‘একটি দুর্ঘটনা আমাদের সুখ-শান্তি-স্বপ্ন সবকিছু তছনছ করে দিয়েছে। এভাবে গাড়িচালকের বেপরোয়ায় দুর্ঘটনার কবলে পড়ে আর কত বাবা-মায়ের বুক খালি হবে। এর শেষ কোথায়?’