'এরপর ফাঁসি হলেও দুঃখ থাকবে না'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। বিএনপির প্রতিক্রিয়াকে ‘রায়’ উল্লেখ করে তিনি বলেন, ‘এরপর ফাঁসি হলেও আমাদের দুঃখ থাকবে না।’
আজ বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানিয়ে ডাকা বিক্ষোভ সমাবেশে ফারহাত কাদের এ কথা বলেন। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের এক দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় তাঁর দল বিএনপি। এ রায়ে বিস্ময় প্রকাশ করে সাকা চৌধুরী ন্যায়বিচার পাননি বলে দাবি করে বিএনপি।
এ প্রতিক্রিয়ার জন্য খালেদা জিয়া ও বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারহাত কাদের বলেন, ‘আমরা রায় ট্রাইব্যুনাল থেকে পাইনি। আমরা গতকাল (বিএনপির প্রতিক্রিয়ায়) রায় পেয়েছি, যেটা আলমগীর ভাই (মির্জা ফখরুল ইসলাম) পড়ে শুনিয়েছেন। এরপর ফাঁসি হলেও আমাদের আর দুঃখ থাকবে না।’
এ সময় সাকার স্ত্রীকে কাঁদতে দেখা যায়।
বিএনপির পক্ষ থেকে যে ‘রায়’ দেওয়া হয়েছে, তা দেশের ৯০ ভাগ মানুষ গ্রহণ করেছে বলে দাবি করেন ফারহাত কাদের।
ফারহাত বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো ঘটনায় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেননি। তাঁর সবকিছু দেশের পক্ষে।
সাকা চৌধুরীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামে ডাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে, দাবি করে ফারহাত কাদের বলেন, ‘হরতাল মানে ঘর থেকে বের না হওয়া। চট্টগ্রামে হরতালের সময় আওয়ামী লীগ, বিএনপির কেউ ঘর থেকে বের হয়নি। সবাই দেখিয়ে দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী নয়।’
সমাবেশের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে ছিলেন ফারহাত কাদের। মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় তাঁর হাতে একটি কাগজ দিয়ে তা সমাবেশকে দেখাতে ইঙ্গিত দিতে দেখা যায় ফারহাত কাদেরকে। মির্জা ফখরুল তা হাতে নিয়ে দেখে আবার ফিরিয়ে দেন।