‘এলা রেইনকোট দেখিয়া বৃষ্টিই ভয় পাইবে’
প্রথম আলোর পক্ষ থেকে গত দুই দিনে আরও ১৮২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৮৬ জনের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। গত সোমবার নীলফামারী ও কুড়িগ্রামে বিতরণ করা হয় ৯৬টি রেইনকোট। রেইনকোট হাতে পেয়ে খুশিতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারী সংবাদপত্র বিক্রয়কর্মী নাজমা বেগম বলেন, ‘আগত হামরা বৃষ্টিক ভয় পাইতাম। এলা রেইনকোট দেখিয়া বৃষ্টিই ভয় পাইবে। বৃষ্টি হইলেও এলা পেপার বিলি করিতে আর দেরি হবে না।’ ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।ঠাকুরগাঁও: গতকাল দুপুরে ঠাকুরগাঁও জজ আদালত চত্বরে ৪৬ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর উৎপাদন ও বিপণন বিভাগের প্রধান রিফাত আবদুল্লাহ শেখ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বগুড়া আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসেন, প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান, পরিবেশক মনসুর আলম প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): দুপুরে পীরগঞ্জ উপজেলার ১২ জন এবং বিকেলে সেতাবগঞ্জ উপজেলার সাতজনের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম ও এজেন্ট এনকে রানা উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে ধনেশ চন্দ্র রায় বলেন, ‘প্রথম আলো হামার দুঃখ বুঝা পালে। আগত হামার দুঃখ কাঁয়ো দেখেনি। এলা আর বৃষ্টির পানির ভয়ে আটকে থাকিবা হবেনি। রেইনকোট পিনেহেনে পেপার বিলি করিবা পারিম।’পঞ্চগড়: সকালে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় পেপার হাউসের সামনে ২৪ জনকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম ও পরিবেশক মো. আমিনার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে প্রথম আলোর বিক্রয়কর্মী মানিক চন্দ্র রায় বলেন, ‘বর্ষাকালে পত্রিকা বিলি করতে অসুবিধা হয়। পাঠকেরা দেরিতে পত্রিকা পান। রেইনকোট পেয়ে ভালো লাগছে। এখন থেকে পাঠকদের পত্রিকা পেতে আর দেরি হবে না।’নীলফামারী: গত সোমবার রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের ১৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, এজেন্ট আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে আরও সাতজনকে রেইনকোট দেওয়া হয়। কুড়িগ্রাম: গত সোমবার কুড়িগ্রাম সদর, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ৮১ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। অন্যান্যের মধ্যে প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক সফি খান উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে জিয়াউর রহমান বলেন, ‘আর শরীর ভিজবার নয়। মনের সুখে পেপার ব্যাচামো।’