'এল্যা হামরা কোটে যাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এল্যা হামরা কোটে যাম। বাড়ি আছিল দুধকুমার নদের মাঝোত। গত বছর ভাঙি যায়। এটে উঠি আসি। সেটেও ভাঙন ধরছে। এল্যা কোটে যাম জানি না। বুড়া বয়সে আর কুলবার পাইনা।’

এসব কথা বলেন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর সোবাহান (৯১)।

সোবাহান বলেন, ‘চারজন ছাওয়া। সগাই বিয়া করি জুদা (আলাদা) হইছে। বউ ধরি চলি গেইছে। খোঁজ নেয় না। হামরা বুড়াবুড়ি দুধকুমার নদের পারত একনা ছাপরা তুলি আছি। স্ত্রী পরিজন বিবি (৬৫) একমাত্র ভরসা। তাঁরও শরীরে নানা রোগ ধরছে। ঠিকমতো চোখে দেখেন না। আমনি পরি আছি।’

গত শুক্রবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যাত্রাপুর পাকা সড়ক থেকে দক্ষিণ দিকে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে যাওয়ার পাকা সড়ক ও পূর্ব দিকে নদের তীর রক্ষা বাঁধ। গত বছর বাঁধ ও সড়কের মাঝখানে এক থেকে দুই কিলোমিটার ভেঙে যায়। ভাঙা অংশের পাশে বাঁশঝাড়ে পাটখড়ি দিয়ে ছাপরা তুলে বসবাস করছেন সোবাহান। একটু এগিয়ে গেলে চোখে পরে সকিনা বেওয়াসহ আশপাশের বাড়িঘরের বেড়া নেই। এ সময় সকিনা বলেন, ‘বানের সময় বাতাস ও নদের ঢেউ আসি চাল ভাসে নিয়া গেইছে। এল্যা পানি নামি গেইছে, ঠিকঠাক করি কোন রকমে থাকম।’ আরেক বাসিন্দা সাজিনা বেগম বলেন, ‘দুবার বাড়ি ভাঙি এটে আসছি। স্বামী ওমর আলী দিনমজুর। দুই ছেলে, মেয়ে প্রতিবন্ধী। নদ ভাঙবার নাগছে কাইও খোঁজ নেয় না।’

যাত্রাপুর বাজারে দরজির দোকানে কাজ করেন আব্দুল মজিদ। এক ছেলে, তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে প্রতিবন্ধী। তিনি দুঃখ করে বলেন, ‘নদ ভাঙে, হামরা বাড়ি সরাই। এ্যালা ঘর তোলার জাগা নাই। গত ৩ দিনে ২৫টি পরিবার ভাঙনের মুখে ঘরবাড়ি সরিয়েছেন।’

এদিকে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল পাকা ভবনটি গত মে মাসে ভাঙনে বিলীন হয়েছে। বাকি অংশ টিনশেড ঘর ভাঙনের হুমকিতে রয়েছে। যেকোনো দিন নদের পেটে চলে যাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ খন্দকারের বাড়ি বিদ্যালয়ের পেছনে। তিনি বলেন, ‘বিদ্যালয়ের মূল ভবন তো গেছে। এখন আমরা চর যাত্রাপুরবাসী আতঙ্কে আছি, বিদ্যালয়ের বাকি অংশ ভাঙলে চরটি বিলীন হবে। এতে হুমকির মুখে রয়েছে যাত্রাপুর হাট। এ ছাড়া এতে অসংখ্য বাড়ি ও একটি বাঁধ ভেঙে যায়। গত বছর বিদ্যালয়ে ভাঙন দেখা দিলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানাই। তারা বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে লাভ হয়নি। এমনকি ফরাজিপাড়া, চর পার্বতীপুর ও খাসের চরের একটি অংশ গত দুই বছরে সম্পূর্ণ বিলীন হয়।’

কয়েকজন বাসিন্দা বলেন, ভাঙনে বলদিপাড়া গ্রামটি সম্পূর্ণ ও গারুহারা গ্রামের তিন ভাগ নদের বুকে চলে গেছে। ভাঙনের শিকার অসহায় পরিবারগুলো বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ময়নুদ্দিন ভোলা বলেন, ‘আমার বাড়ি ভেঙে গেছে। আমি সড়কের পাশে আশ্রয় নিয়ে আছি। গত তিন দিনে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদের ভাঙন কুড়িগ্রাম যাত্রাপুর পাকা সড়ক ও হাটের কাছাকাছি চলে এসেছে।’

যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘চরযাত্রাপুর থেকে গারুহারা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকা ভাঙছে। পাউবোকে জানিয়েছি, তারা দেখে গেছে। এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেছেন। আপাতত বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হবে।