‘এশিয়া এনার্জি মরণ কামড় দিতে চায়’
এশিয়া এনার্জি একটি প্রতারক কোম্পানি। জ্বালানিবিষয়ক সংসদীয় কমিটি বলেছে, এশিয়া এনার্জি অবৈধভাবে ফুলবাড়ী কয়লাখনিকে নিজেদের সম্পদ দাবি করে লন্ডনের শেয়ারবাজারে অবৈধভাবে ব্যবসা করছে। সম্প্রতি তাদের ব্যবসায় ধস নেমেছে। সে ব্যবসা টিকিয়ে রাখতে তারা নতুন নামে নতুন প্রতারণার ফাঁদ পেতে এ এলাকায় (ফুলবাড়ী) উন্মুক্ত কয়লাখনি করার জন্য মরণ কামড় দিতে চায়। গত শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর হাইস্কুল মাঠে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মোহামঞ্চদ প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির উপজেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা দিনাজপুর জেলার আহ্বায়ক মো. আলতাফ হোসেন, বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ৪ নম্বর দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, শিরন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, পৃথিবীর কোথাও এত ঘনবসতিপূর্ণ এলাকায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি নেই। কয়লা উত্তোলন পদ্ধতি-সম্পর্কিত সরকার কর্তৃক ২০১১ সালে গঠিত পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের কমিটি তাদের প্রতিবেদনেই উল্লেখ করেছে, ফুলবাড়ী এলকায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি হলে ৫৪ বর্গকিলোমিটার এলাকা পানিশূন্য হয়ে পড়বে।