'এসএমই ঋণে বিশেষ সুবিধা তদারক হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পের ঋণে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধা তদারক করা হবে। মেয়াদোত্তীর্ণ ঋণ পুনঃতফসিল, সুদ স্থগিত, ঋণের মেয়াদ বাড়ানো ও সুদহার নির্ধারণে কোনো ধরনের দ্বৈত নীতি কোনো ব্যাংক নিচ্ছে কি না, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক।

২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নারী-উদ্যোক্তা সম্মেলন স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছরের জুন পর্যন্ত এসএমই ঋণে বিশেষ সুবিধার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

সব ব্যাংকের অংশগ্রহণে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ ২৩ ডিসেম্বর যে নারী-উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করেছিল, তা স্থগিত করা হয়েছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে সারা দেশের দেড় হাজার নারীর অংশগ্রহণে সম্মেলনটি হওয়ার কথা ছিল।

মতবিনিময়কালে বিভাগের উপমহাব্যবস্থাপক মাসুম পাটোয়ারী, আবুল বাশার ও আশ্রাফুল আলম, যুগ্ম পরিচালক এসএম মোহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।