'এসএমএস পাঠিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা ছড়িয়েছে'

সারা দেশে পোশাকশিল্পে চলমান অসন্তোষের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে বিএনপি-জামায়াতের নেতারা এসএমএস (খুদে বার্তা) পাঠিয়ে উত্তেজনা ছড়িয়েছেন।’ আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের অসন্তোষ নিরসনে চেষ্টা করছে সরকার। ইতিমধ্যে অসন্তোষ কমে এসেছে। আশা করি, অসন্তোষ শিগগিরই শেষ হবে।’
পোশাকশিল্পে চলমান অসন্তোষের জন্য তাঁকে দায়ী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে শাজাহান খান বলেন, ‘এটি অসত্য বক্তব্য।’
উল্লেখ্য, পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়ে এলেও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ তিন হাজার ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করছেন।