'এসডিজি অর্জনেও সফল হবে বাংলাদেশ'
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ একটি উদাহরণ। এমডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায় থেকে শিক্ষা নিয়ে কাজ করলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও সফল হবে বাংলাদেশ। তাই নতুন এ লক্ষ্য অর্জনে সুস্পষ্ট ও জোরালো বাস্তবায়ন পদ্ধতি থাকা জরুরি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘এমডিজি থেকে এসডিজি: বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস্) এ সেমিনারের আয়োজন করে।
এমডিজির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বরে। ২০১৬ সালের প্রথম দিন থেকে এমডিজির পরিবর্তে বিশ্ব সম্প্রদায়ের নতুন উন্নয়ন লক্ষ্য হবে ১৫ বছর মেয়াদি এসডিজি। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ২০১৫ সাল-পরবর্তী এ উন্নয়ন কর্মসূচি গৃহীত হবে। এমডিজিতে ৮টি লক্ষ্যমাত্রা থাকলেও এসডিজিতে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবু হাসান মাহমুদ আলী বলেন, শান্তি ও স্থিতিশীলতা টেকসই উন্নয়নের পূর্বশর্ত। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়নের সুফলকে কাজে লাগানো এবং স্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার মতো উপকরণগুলো এসডিজিতে রয়েছে। এ ছাড়া সংঘাত, সুশাসন ও মানবাধিকারের মতো বিষয়গুলোও সামাজিক ন্যায়বিচারের সঙ্গে সম্পৃক্ত করে এ লক্ষ্যমাত্রায় যুক্ত রয়েছে।
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস-সহিংসতা ও উগ্রবাদ বিশ্বশান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতও একটি বড় চ্যালেঞ্জ। এ সবকে মোকাবিলা করে উন্নয়নের সুফলগুলোকে কাজে লাগানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের ঐকমত্য জরুরি।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘এমডিজি বাস্তবায়নের দিক থেকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এসডিজিতেও আমরা সফল হব। তবে এ সাফল্যের জন্য বৃহত্তর ও সমতা ভিত্তিক অংশীদারত্ব জরুরি। এ ছাড়া লক্ষ্য বাস্তবায়নে উন্নত দেশগুলোর অঙ্গীকার ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেন আয়ের বৈষম্যের প্রেক্ষিতে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, আয় বৈষম্য দূরীকরণ এসডিজিতেও একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। এ জন্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি ব্যাপক, রূপান্তরযোগ্য, সংহত এবং বৈশ্বিক প্রেক্ষিতে তৈরি। এটার লক্ষ্যগুলো বাস্তবায়নের সময় নাগরিক অধিকারের প্রেক্ষিতগুলো মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, এসডিজি অর্জনের জন্য মানবাধিকার ও জেন্ডার সমতার বিষয়গুলো উপলব্ধি করা পথনির্দেশকের মতো কাজ করে। এগুলো নির্ভর করে উন্নয়নের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের ওপর।
অনুষ্ঠানের বিভিন্ন কর্ম অধিবেশনে আরও বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিস এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, বিস এর বোর্ড অব গভর্নরসের সদস্য রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, বিস এর সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর প্রমুখ।