
‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। মানসিকতার পরিবর্তন করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে পারলে এসডিজি অর্জনে সংশয় থাকবে না।’
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে ‘নতুন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা: শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত এই সংলাপের সহযোগী আয়োজক ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সংলাপে শিক্ষক, রাজনীতিক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, নারী নেত্রী, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নাগরিক সংলাপে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান ও শিক্ষাবিদ ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
এসডিজি অর্জনে নাগরিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র বলেন, ‘এসডিজি সম্পর্কে মানুষের ভাবনা ও উপলব্ধি কী, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য যত বেশি মানুষকে সম্পৃক্ত করে সংলাপ করা যায়, তত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।’
বিশেষ অতিথি সিকান্দার খান বলেন, ‘সুশাসন পেলে মানবাধিকার প্রতিষ্ঠা হতো। মানবাধিকার পেলে নিরাপত্তা পেতাম। নিরাপত্তা পেলে শান্তি আসত। কিন্তু সুশাসনের ক্ষেত্রে অনেক সমস্যা রয়ে গেছে।’ তিনি আরও বলেন, যেখানে যে পরিকল্পনা করা হোক, তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইনি কাঠামো গড়ে দিতে হবে।
সভাপতির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এমডিজি ও এসডিজির মধ্যে পার্থক্য আছে। এসডিজিতে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এটিকে সামাজিক আন্দোলন হিসেবে দেখছি। সেই অনুপ্রেরণা থেকে সিপিডি (সেন্টার ফর পলিসি ডায়ালগ) এখানে সাচিবিক দায়িত্ব পালন করছে।’
মূল প্রতিবেদনে ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অভীষ্ট ১৬ বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে গতি আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যে যে উন্নয়নের আকাঙ্ক্ষা আমরা করেছি, তা অর্জন করা যাবে না। এর বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা সম্ভবত বেশি প্রয়োজনীয়।’ তিনি বলেন, লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরকে উদ্যম ও পেশাদারির সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি এটি বাস্তবায়ন করতে হলে শুধু সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়।
স্বাগত বক্তব্যে শাহীন আনাম বলেন, এসডিজিতে মানবাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কোনোটাই পূরণ হবে না।
সংলাপে আরও বক্তব্য দেন সনাকের চট্টগ্রামের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রামের সভাপতি শাহ আলম, স্থপতি জেরিনা হোসেন প্রমুখ।