'এসব তরুণ আমাদের আশার আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে স্থানীয় তরুণেরা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করছে। ছবিটি সম্প্রতি চৌহালী-পাথরাইল সড়কের খাসকাউলিয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জে স্থানীয় তরুণেরা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করছে। ছবিটি সম্প্রতি চৌহালী-পাথরাইল সড়কের খাসকাউলিয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের চৌহালীতে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ চৌহালী-পাথরাইল সড়ক সংস্কার করা হয়েছে। স্থানীয় তরুণ-যুবকেরা সম্মিলিতভাবে এক সপ্তাহ ধরে এ সংস্কারকাজ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি বছর বন্যার পানিতে উপজেলার রেহাইপুখুরিয়া বাজার থেকে পাথরাইল পর্যন্ত কাঁচা সড়কটি তলিয়ে যায়। এতে সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়। সেই সঙ্গে অনেক স্থান ধসে যায়।

সড়ক সংস্কারে অংশ নেওয়া মির্জা শহিদুল ইসলাম বলেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হলেও এটি মেরামতে সরকারের কোনো পক্ষ থেকেই কেউ এগিয়ে আসেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে বাজেট না আসায় এ মুহূর্তে সংস্কারকাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। এরপর গ্রামের ১০ জন যুবক মিলে নিজেরাই রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নেন। পরে তাঁদের সঙ্গে আশপাশের তিন গ্রামের আরও ৩০ তরুণ অংশ নেন। সপ্তাহ খানেক ধরে তাঁরা কাজ করে চলেছেন।

খাসকাউলিয়া ইউপি সদস্য মির্জা সেলিম বলেন, ‘বরাদ্দ না থাকায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করা সম্ভব হয়নি। সড়কটি সংস্কারে তরুণদের উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে। নৈতিক অবক্ষয়ের সমাজে এসব তরুণ আমাদের জন্য আশার আলো।’

গত শনিবার সরেজমিনে দেখা যায়, কেউ মাটি কাটছেন। কেউ ঝুড়িতে করে তা বয়ে আনছেন। আবার কেউ গাছগাছালি পরিষ্কার করছেন। মেরামতকাজে অংশ নেওয়া কলেজছাত্র আবদুল আলীম বলেন, ‘সবাই মিলে কাজ করতে আনন্দই লাগছে। এত দিন সবাই কষ্ট করেছি। এখন নিজেদের সড়ক নিজেরাই মেরামত করছি। খুবই ভালো লাগছে।’