'এসিড খাইয়ে' শিশু হত্যা চেষ্টায় এক নারীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর বয়সের শিশুকে ‘এসিড খাইয়ে’ হত্যা চেষ্টার একটি মামলায় এসিড নিয়ন্ত্রণ আইনে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে তা আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সেলিম রেজা রানা প্রথম আলোকে বলেন, আট বছর আগে যশোরের বাঘারপাড়া উপজেলার আজমেহেরপুর গ্রামের দেড় বছর বয়সের শিশু দুর্জয়কে ‘এসিড খাইয়ে’ হত্যার চেষ্টা করেন তার কাকি রীনা রানী তরফদার। এ ঘটনায় দুর্জয়ের মা ইতি রানী বাদী হয়ে রীনা রানীকে আসামি করে বাঘারপাড়া থানায় এসিড নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। দণ্ড প্রাপ্ত রীনা রানী বর্তমানে পলাতক রয়েছেন। শিশু দূর্জয় এখন মোটামুটি সুস্থ রয়েছে বলে তিনি জানান।

আদালত সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার আজমেহেরপুর গ্রামের আশুতোষ কুমার তরফদারের ছেলে শিশু দুর্জয় কুমারকে পোলিও টিকা ও ইনজেকশন দেওয়ার পর কাঁদতে থাকে। দুর্জয়কে তার মা রীনা রানীর কোলে দিয়ে রান্না করতে যান। মিনিট দশেক পর দুর্জয় আরও বেশি চিৎকার করে কাঁদলে তার মা ঘরে গিয়ে দেখেন দুর্জয়ের গায়ে থাকা সোয়েটারের গলার অংশ পুড়ে গেছে। তা ছাড়া তার গলা, ঠোঁট ও মুখের কিছুটা অংশ ঝলসে গেছে।

দ্রুত তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ হংকংয়ের প্রিন্স অব ওয়েলস হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে দুর্জয় মোটামুটি সুস্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাপানে নেওয়ার প্রস্তুতি চলছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিম রানা জানান।