'এসো দেশটাকে পরিষ্কার করি'
‘এসো দেশটাকে পরিষ্কার করি’—স্লোগানে নওগাঁয় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা তৈরি অভিযান পরিচালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’-এর উদ্যোগে গতকাল শনিবার এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়ে শহরের মুক্তির মোড়ে এসে শেষ হয়। স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তার দুই পাশে পড়ে থাকা খাবারের প্যাকেট, পলিথিন, বোতল, সিগারেটের টুকরাসহ ময়লা-আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দেন। এর সঙ্গে পথচারী ও দোকানিদের পরিচ্ছন্নতার বিষয়ে তাগিদ দেন তাঁরা। কর্মসূচি শেষে পরিবর্তন চাই সংগঠনটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদ প্রদান করা হয়।
কর্মসূচিতে নওগাঁ পৌরসভার কাউন্সিলর এস এম রাশিদুল ইসলাম, নাসিমা খাতুন, পরিবর্তন চাই নওগাঁ জেলার কমান্ডার তাহমিদুর রহমান, সমন্বয়ক সালাহ উদ্দিন, অলস্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার আখলাকুর রহমানসহ কলেজের ছাত্রছাত্রী, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং নারী নেতারা অংশ নেন।